হাসপাতাল ছাড়লেন করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তিন রাত কাটানোর পর সোমবার হোয়াইট হাউজে ফেরেন তিনি। ফিরেই সাংবাদিকদের সামনে ফটোসেশনের জন্য মাস্ক খুলে ফেলেন তিনি।
এরইমধ্যে হোয়াইট হাউজে নতুন করে ট্রাম্পের একজন ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হয়েছে। তার নির্বাচনি প্রচারণায়ও এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউজে ফিরে কেমন লাগছে? একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুবই ভালো।
হেলিকপ্টারযোগে হাসপাতাল থেকে হোয়াইট হাউজ চত্বরে ফেরেন ট্রাম্প। এ সময় তিনি মাস্ক খুলে হাত নাড়ান এবং থাম্ব আপ সাইন দেখান। পরে মাস্ক পকেটে নিয়ে হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন তিনি।
পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আপনার জীবনকে নিয়ন্ত্রণের সুযোগ করোনাভাইরাসকে দেবেন না। সাবধান থাকুন। এটিকে ভয় পাবেন না। আমরা কাজে ফিরছি।
গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রবিবার আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের মুখেই পরদিন সোমবার হাসপাতাল ছাড়েন তিনি।
সোমবার বিকেলে টুইট বার্তায় ট্রাম্প হাসপাতাল ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার ব্যক্তিগত চিকিৎসক সিন কোনলি সাংবাদিকদের মুখোমুখি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ট্রাম্পের লক্ষণ খারাপ হয়ে পড়ার উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্টকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
সিন কোনলি বলেন, ‘ওষুধ গ্রহণকারী কোনও রোগী যখন কেবল তার কোর্স শুরুর প্রাথমিক পর্যায়ে থাকে তখন আমরা খানিকটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে থাকি। তবে যদি সোমবার দিনভর আমরা তাকে একই অবস্থায় কিংবা উন্নতি হচ্ছে এমন অবস্থাতেও পাই তাহলে আমরা চূড়ান্ত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো।’
হাসপাতাল থেকে ফেরার পর ট্রাম্পের জন্য সার্বক্ষণিক হোয়াইট হাউজের চিকিৎসক দল প্রস্তুত থাকবে বলেও জানান সিন কোনলি। ভাইরাসটির বিস্তার ঠেকাতে কোন ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে কোনলি বলেন ট্রাম্পের আশেপাশে থাকা সব নিরাপত্তা কর্মী ও চিকিৎসক দল সব সময়ে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরে থাকবেন। তিনি বলেন, ‘হোয়াইট হাউজের সবকিছু নিরাপদ রাখতে আমরা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে কাজ করছি।’
ট্রাম্পের সর্বশেষ করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানান সিন কোনলি। এছাড়া প্রেসিডেন্টের সিটি স্ক্যানের ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তা বলার ‘স্বাধীনতা আমার নেই।’
উল্লেখ্য, আগামী মাসে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে রয়েছেন ট্রাম্প। নির্বাচনি প্রচার চালানোর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এখনও খানিক পিছিয়ে রয়েছেন ট্রাম্প।








