যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ঠেকাতে কংগ্রেস ব্যর্থ হয়েছে উল্লেখ করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী ক্ষমতাবলে একতরফা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রস্তাবিত বন্দুক নীতির জন্য কংগ্রেসের সমর্থন না পাওয়াকে প্রেসিডেন্ট হিসেবে নিজের সবচেয়ে বড় হতাশা বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার (১ জানুয়ারি) ২০১৬ সালের প্রথম সাপ্তাহিক ভাষণে ওবামা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার প্রেক্ষাপটে দেশটিতে বেশ কয়েকবার আগ্নেয়ান্ত্রের আইন কঠোর করার চেষ্টা করেও সফল হওয়া যায়নি। ২০১৩ সালে কানেকটিকাটে বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হওয়ার পর অস্ত্র ক্রেতাদের তথ্য যাচাইসহ বিভিন্ন বাধ্যবাধকতার বিধান রেখে একটি যৌথ বিল পাসে ব্যর্থ হয় ডেমোক্র্যাট-রিপাবলিকানরা। বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটও পাওয়া যায়নি তখন।
এমন প্রেক্ষাপটে নতুন বছরের প্রথম সাপ্তাহিক ভাষণে ওবামা বলেন, ‘আমরা জানি যে সব ধরনের সহিংসতা ঠেকানো আমাদের পক্ষে সম্ভব হবে না। তবে এগুলোর মধ্যে অন্তত একটির সমাধানের চেষ্টা করতে সমস্যা কোথায়? আমাদের বাচ্চাদের আগ্নেয়ান্ত্র থেকে রক্ষা করার জন্য কি কংগ্রেস এগিয়ে আসতে পারতো না?’ নির্বাহী ক্ষমতাবলে তিনি কি কি ব্যবস্থা নিতে পারবেন সে বিষয়ে শিগগিরই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ করবেন বলেও জানান ওবামা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যারা অস্ত্র কিনবেন তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাসহ বেশ কিছু ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আগ্নেয়ান্ত্র আইনের ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার কারণে ওবামা বিরোধীদের তোপের মুখে পড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








