সীমান্ত পেরিয়ে দুর্গা মণ্ডপের কাজে শিল্পের ছোঁয়া দিচ্ছেন বাংলাদেশের শিল্পী। সাতক্ষীরা জেলার শ্যামনগরের দীপু বিশ্বাস পশ্চিমবঙ্গে পৌঁছে দুর্গা প্রতিমায় ফুটিয়ে তুলছেন কারুকাজ। বাংলাদেশে সরকারের পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে যখন সম্পর্কের কিছুটা টানাপড়েন চলছে, এর মধ্যেই শিল্পের টানে সম্প্রীতি বাড়াতে চলে এসেছেন তিনি।
হুগলির কেওটা নবীন সংঘের পূজার থিমের শিল্পী বাংলাদেশের এই বাসিন্দা ৷এবার কেওটা নবীন সংঘের থিম ‘প্রাচীন সভ্যতার ইতিকথা’। প্রধান শিল্পী নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়। টানা ছয় মাস ধরে এই থিমের কাজ করছেন তিনি। এর আগে একাধিক দুর্গা ও জগদ্ধাত্রী পূজার মণ্ডপের কাজ করেছেন দীপু। সেই ডাকেই সারা দিয়েই মা, বোন ও ঠাকুমাকে দেশে ছেড়ে ভারতে চলে এসেছেন তিনি।
নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়ের মতে, ‘মাটি দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। সোশাল মিডিয়ায় দীপুর সঙ্গে পরিচয়। ওর হাতের কাজ অসাধারণ। শুধু বাংলাদেশ না, ভারতের বিভিন্ন রাজ্য থেকেও শিল্পীরা এসে থিমের কাজ করেন।’
দীপু খুলনার বিএল কলেজে ইতিহাস নিয়ে তৃতীয় বর্ষে পড়ছেন। পড়াশোনার পাশাপাশি মাটির ভাস্কর্যও গড়েন। ফেসবুকে তার কাজ দেখে যোগাযোগ করেন এপার বাংলার রঙ্গজীব রায়। দীপু মূলত মণ্ডপের দেওয়ালে পৌরাণিক দেব-দেবীর ভাস্কর্য ফুটিয়ে তুলছেন।
শিল্পী দীপু বলেন, ‘ভিসা নিয়ে এদেশে এসেছি। আমি মূলত মাটির কাজ করি। কিন্তু এখানে এসে দেখলাম সিমেন্ট, বালির কাজ হচ্ছে। শিল্পের টানে কাজ করতে এসেছি। দুর্গাপূজার আগে চলে যাব। বাড়িতে বাবা নেই। মা, বোন, বৃদ্ধা ঠাকুমা রয়েছেন। নিজ দেশেই পূজা কাটাব।’









