দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো একটি জাহাজকে ধাওয়া করার সময় চীনের দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফিলিপিনো কোস্টগার্ড কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোমবার (১১ আগস্ট) চীনা কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি জাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফিলিপিনো কোস্ট গার্ড কমোডর জেই তারিয়েলা জানান, বিতর্কিত দ্বীপ এলাকা স্কারবরো শোলে জেলেদের মধ্যে সহায়তা বিতরণের সময় চীনা কোস্ট গার্ডের দিক থেকে ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ নেওয়া হয়। এসময় বাহনটির সামনের ডেকে গুরুতর ক্ষতি হয়।
ম্যানিলার তরফ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চীনা কোস্ট গার্ডের জাহাজ থেকে জল কামান ছোঁড়া হচ্ছে এবং ফিলিপিনো জাহাজটিকে ধাওয়া করছে। এরপর এটি অকস্মাৎ আরেকটি বড় আকারের চীনা যুদ্ধজাহাজের সঙ্গে জোরালো ধাক্কা খায়।
তারিয়েলার দাবি, ওই সংঘর্ষে যুদ্ধজাহাজটি সমুদ্রে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা স্বীকার করেছে বেইজিং। তাদের অভিযোগ, চীনের জলসীমায় জোরপূর্বক প্রবেশ করেছিল ফিলিপাইন। তবে তাদের বিবৃতিতে কোনও সংঘর্ষের কথা উল্লেখ করেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সংঘর্ষের আর্থিক ক্ষতির পরিমাণ বা কেউ আহত হয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।
দক্ষিণ চীন সাগরের জলসীমার অধিকার নিয়ে ফিলিপাইনসহ একাধিক উপকূলীয় দেশের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়ে রয়েছে চীন। সম্প্রতি বেইজিং ও ম্যানিলার মধ্যে উত্তেজনা বেড়েছে। সমুদ্রে উসকানি ও সংঘর্ষের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে দুপক্ষ।
ত্রিভুজাকার প্রবালপ্রাচীর ও পাথরের চেইন স্কারবরো শোল ২০১২ সালে চীন দখল করার পর থেকেই এলাকাটি নিয়ে ফিলিপাইনের সঙ্গে বিবাদ চলমান আছে।
ফিলিপাইন কোস্ট গার্ড বলেছে, তারা চীনা কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার জন্য নিয়মিত আহ্বান জানিয়েছে।
অবশ্য চীনের কোস্ট গার্ডের দাবি, তারা আইন অনুযায়ী কাজ করেছে এবং ফিলিপাইনের জাহাজগুলোকে তাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
গত দুই বছরে একাধিক বিপজ্জনক সংঘর্ষের সাম্প্রতিকতম ঘটনা এটি। গত বছরের ডিসেম্বরে ফিলিপাইন অভিযোগ করেছিল, স্কারবরো শোলের কাছে টহল চলাকালে চীনা কোস্ট গার্ড তাদের সরকারি জাহাজে জল কামান ছুড়েছে এবং পাশ থেকে ধাক্কা মেরেছে। এর আগে জুনে খালি হাতে চীনা কোস্টগার্ডের সঙ্গে মারামারিতে জড়িয়েছিল ফিলিপিনো সেনারা। সে সময় চীনা সদস্যদের হাতে ছিল তলোয়ার, ছুরি ও বর্শা।
ম্যানিলার অভিযোগ, ওই মারামারিতে এক ফিলিপিনো সেনা তার বৃদ্ধাঙ্গুল হারান।







