বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৭ জুলাই (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
কী বিক্রি করবো, তা কেউ ঠিক করবে না: নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে ট্রাম্প; শুধু জলপথ নয়, প্রযুক্তিতেও ‘চোক পয়েন্ট’; বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র; ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর; মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ট্রাম্প পরিবার; ‘কৃত্রিম সূর্য’ তৈরির আরও কাছাকাছি চীন; পেন্টাগনের চেয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়কে বেশি ভয় ইরানের!; আলোচনায় তাড়া নেই, যুদ্ধেও ভয় নেই: যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলছে ইরান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য আপত্তি নাকচ করে দিয়েছেন। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র কী বিক্রি করবে তা নির্ধারণ করে দেওয়ার অধিকার কারও নেই। একই সঙ্গে ন্যাটো মিত্র তুরস্কের ভূয়সী প্রশংসাও করেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
বিশ্ব অর্থনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চোক পয়েন্ট বা কৌশলগত বাধা। বিশ্বব্যাপী তেলের বাজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্প্রসারণে তৈরি হওয়া প্রতিবন্ধকতা বোঝাতে ‘চোকপয়েন্ট’ শব্দটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত পুরনো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার পতন ঘটিয়ে তীব্র প্রতিযোগিতা ও সংঘাতের মুখে পুরো বিশ্ব অর্থনীতিতেই এই সংকট দৃশ্যমান হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলতি সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ক্ষুদ্র ও দ্রুতগতির নৌবহর বা মশা নৌবহরের (মস্কিটো ফ্লিট) যুদ্ধের কৌশলের উচ্চ প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা স্পুটনিকের প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার জন্য ‘স্বাধীনতাসংগ্রামী’ ও ইসলামি প্রজাতন্ত্রের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত একটি বার্তা সংস্থা। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকেও হুমকির মুখে ফেলা হয়েছে।
পরমাণু সংযোজন প্রক্রিয়ায় কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি তৈরির লক্ষ্যে বিশাল এক অগ্রগতি অর্জন করেছে চীন। ‘কৃত্রিম সূর্য’ তৈরির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সুপারকন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট সফলভাবে তৈরি ও পরীক্ষা শেষ করেছে দেশটি। ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের যে রূপরেখা চীন নিয়েছে, এই সফলতা তাকে অনেকটাই এগিয়ে দিলো।
ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ সৃষ্টির বিষয়টি তার সামরিক হামলার মতো অতটা নজর না কাড়লেও, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে এটিই শেষ পর্যন্ত তেহরান সরকারকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। মার্কিন গোয়েন্দা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে অন্যতম তেলসমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি সংকটে পড়েছে এবং দেশে তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা দুই সপ্তাহের লড়াই শেষে গত কয়েক দিন ধরে ইরানের আকাশ বোমাবর্ষণ ও বিমান হামলার শব্দ থেকে মুক্ত রয়েছে। তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনও যুদ্ধবিরতিতে সম্মত হননি, এবং মার্কিনদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও তাদের কোনও তাড়াহুড়ো নেই। বরং নিজেদের শক্ত অবস্থানের কথা তুলে ধরছেন তেহরানের কর্মকর্তারা। সামরিক নেতারা যুদ্ধক্ষেত্রে তাদের সাফল্যের বড়াই করছেন এবং তারা আলোচনার জন্য ব্যাকুল, মার্কিনদের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করছেন কূটনীতিকরা।

কী বিক্রি করবো, তা কেউ ঠিক করবে না: নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে ট্রাম্প
শুধু জলপথ নয়, প্রযুক্তিতেও ‘চোক পয়েন্ট’; বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ট্রাম্প পরিবার
‘কৃত্রিম সূর্য’ তৈরির আরও কাছাকাছি চীন
পেন্টাগনের চেয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়কে বেশি ভয় ইরানের!
আলোচনায় তাড়া নেই, যুদ্ধেও ভয় নেই: যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলছে ইরান





