শেয়ারবাজারে কোটি রুপির লোকসান সামাল দিতে গ্রাহকের সুরক্ষায় রাখা নিরাপদ ভল্ট থেকেই স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের সুরাটে। নক্ষত্র সেফ হাউস নামে একটি লকার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ৬টি লকার ভেঙে প্রায় ২ কোটি ৬৭ লাখ রুপি মূল্যের স্বর্ণ চুরির অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিঙ্গানপুর মোড়ের কাছে অবস্থিত ভল্টটিতে চুরি করা এই পরিবারের সদস্যরা হলেন মহেশ দেওরা এবং তার দুই ছেলে হর্ষ ও হরিকৃষ্ণ। শেয়ারবাজারে প্রায় ৩ কোটি রুপি লোকসান হওয়ার পর অর্থ তোলার উদ্দেশ্যে দেওরা পরিবার গত এক বছর ধরে চুরির এই ছক কষে। এ কাজে মনিলাল নামে স্থানীয় এক চাবিওয়ালার সাহায্যে ডুপ্লিকেট চাবি তৈরি করে ছয়টি লকার থেকে মোট ২০৭ তোলা স্বর্ণ চুরি করে তারা।
ডেপুটি পুলিশ কমিশনার রাঘব জৈন জানান, চলতি মাসের শুরুতে রমেশ বাঘানি নামের ৫০ বছর বয়সী এক নির্মাণ ব্যবসায়ী তার স্ত্রীর নামে থাকা লকার থেকে ৬৩ তোলা স্বর্ণ নিখোঁজ হওয়ার অভিযোগ করলে বিষয়টি সামনে আসে। তদন্তে নেমে দেখা যায় আরও পাঁচজন গ্রাহকের স্বর্ণ চুরি গেছে। রমেশ বাঘানি গত ১৪ জুলাই লকারের সিসিটিভি ফুটেজ দেখতে গেলে হর্ষ দেওরা তাকে জানান যে হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দেওরা পরিবারের সদস্যদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ডুপ্লিকেট চাবি দিয়ে স্বর্ণ চুরি ও স্থানীয় এক জুয়েলারির কাছে তা বিক্রির কথা স্বীকার করে। পুলিশ ইতোমধ্যে আসামিদের কাছ থেকে ১৫ লাখ রুপি নগদ উদ্ধার করেছে। বর্তমানে পলাতক চাবিওয়ালা মনিলালকে গ্রেফতারের চেষ্টা চলছে। সুরাটে এই প্রতিষ্ঠানের চারটি শাখায় প্রায় ২৪০০ থেকে ২৮০০টি লকার রয়েছে, তবে অন্য শাখাগুলো থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়া টুডে

শিক্ষার্থীদের ‘হয়রানি’ না থামলে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির দিপকের






