আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ০৮:১০ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:১০

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে তাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ রায় গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমন প্রতিক্রিয়া জানায়। এর আগে একই দিন গাম্বিয়ার করা মামলায় ২০১৬-২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের পক্ষে এবং ৬ জনের বিপক্ষে ভোটে রায়টি গৃহীত হয়। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম।

হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি। একই সঙ্গে গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে এ রায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

আদালত বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার। গণহত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া এবং এ ধরনের অপরাধ প্রতিরোধের বাধ্যবাধকতাও দেশটি লঙ্ঘন করেছে। আদালতের এ রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে ছিল হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ। আদালত সব প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযান শুরু করে। এর ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে।

রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের কর্মকাণ্ড বন্ধ, গণহত্যার ঘটনা তদন্ত, বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের পাশাপাশি একই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে। রোহিঙ্গা ভুক্তভোগীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করার অধিকার গাম্বিয়ার রয়েছে বলেও উল্লেখ করেছেন বিচারকরা। নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে মিয়ানমারকে। এসব ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব না হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিক থেকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির সংঘাতের মধ্যে পড়েছেন রোহিঙ্গা বেসামরিক নাগরিকরা। উভয় পক্ষের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, ব্যাপক অগ্নিসংযোগ ও বেআইনি নিয়োগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং বর্ণবৈষম্য, নিপীড়ন ও বেআইনি আটকের মতো মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া আরাকান আর্মির বিরুদ্ধে জোরপূর্বক শ্রমে নিয়োগ, বিনা কারণে আটক এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এমন গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে। নিরাপত্তা পরিষদ রায় বাস্তবায়নে সুপারিশ করতে পারে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে। তবে এ পর্যন্ত আদালতের রায় বাস্তবায়নে নিরাপত্তা পরিষদ কখনো এ ক্ষমতা প্রয়োগ করেনি।

মারিয়া এলেনা ভিগনোলি বলেন, মিয়ানমারের উচিত দ্রুত আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন করা এবং রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করা। সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখা, মিয়ানমারের জান্তাকে আদালতের রায় মানতে চাপ দেওয়া এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করা।

/ইউএস/
সম্পর্কিত
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টি
মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
সর্বশেষ খবর
শাহজালালেও নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে নজরদারি
শাহজালালেও নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে নজরদারি
সাকিব-তামিমদের পেছনে ফেলে যে রেকর্ডে দ্রুততম মুশফিক-লিটন
সাকিব-তামিমদের পেছনে ফেলে যে রেকর্ডে দ্রুততম মুশফিক-লিটন
নাশকতার টার্গেটে সরকারি স্থাপনা, নজরদারি বাড়িয়েছে পুলিশ
নাশকতার টার্গেটে সরকারি স্থাপনা, নজরদারি বাড়িয়েছে পুলিশ
ঢাকার সিএনজি গ্যারেজ থেকে চুরি, গাইবান্ধায় ২২ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ২
ঢাকার সিএনজি গ্যারেজ থেকে চুরি, গাইবান্ধায় ২২ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ
রিটার্ন জমা দেওয়া এখন খুব সহজ