গণতন্ত্রের যাত্রা কেবল নির্বাচন, সরকার পরিবর্তন কিংবা রাজনৈতিক ক্ষমতার পুনর্বণ্টনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না। গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত থাকে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ, নাগরিকের অধিকার সুরক্ষা, আইনের শাসন এবং স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে। পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার গণতান্ত্রিক উত্তরণ, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক বিকাশ এবং মানবাধিকারকর্মীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের অভিজ্ঞতা আমাদের সামনে এমনই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তুলে ধরে। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আলোচনায় মঙ্গোলিয়ার অভিজ্ঞতা গভীরভাবে প্রাসঙ্গিক।
মঙ্গোলিয়া দীর্ঘদিন একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে। ১৯৮৯ সালের শেষদিকে দেশটিতে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়। ১৯৯০ সালের মার্চে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব পদত্যাগ করে এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পথ উন্মুক্ত হয়। ১৯৯০ সালের নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা ঘটে। ১৯৯২ সালে গৃহীত নতুন সংবিধান নাগরিক ও রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়।
এই উত্তরণের পেছনে একটি মৌলিক উপলব্ধি কাজ করেছিল-একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শুধু রাজনৈতিক কাঠামো পরিবর্তন যথেষ্ট নয়; রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কও নতুনভাবে বিনির্মাণ করতে হবে। নাগরিককে রাষ্ট্রের অনুগত প্রজা হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এই উপলব্ধি থেকেই মানবাধিকারকে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রীয় ক্ষমতা যেন নাগরিকের অধিকার হরণ করতে না পারে, তার জন্য প্রয়োজন সাংবিধানিক নিশ্চয়তা, স্বাধীন বিচারব্যবস্থা, কার্যকর জাতীয় প্রতিষ্ঠান এবং সক্রিয় নাগরিক সমাজ।
মঙ্গোলিয়ার অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেগুলো রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে না।গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় মানবাধিকার কমিশন এমন একটি প্রতিষ্ঠান, যার দায়িত্ব রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের মানদণ্ড নিশ্চিত করা এবং নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগের কার্যকর প্রতিকার অনুসন্ধান করা।
মঙ্গোলিয়া ২০০০ সালের ৭ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করে। কমিশনকে সংবিধান, জাতীয় আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বীকৃত অধিকার ও স্বাধীনতার সুরক্ষা ও প্রসারের দায়িত্ব দেওয়া হয়। কমিশন আন্তর্জাতিকভাবে প্যারিস নীতিমালা অনুসারে ‘এ’ মর্যাদাপ্রাপ্ত জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ২০০১ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কের পূর্ণ সদস্য হয়।
অন্যদিকে, একটি কমিশন প্রতিষ্ঠা করলেই যে সেটি সব সময় কার্যকর হয়ে ওঠে, ঠিক তা নয়। এর জন্য প্রয়োজন স্বাধীন নিয়োগপ্রক্রিয়া, পর্যাপ্ত অর্থায়ন, সুস্পষ্ট আইনগত ক্ষমতা, নিজস্ব প্রশাসনিক সক্ষমতা এবং সরকারের বাইরে থেকেও কাজ করার বাস্তব স্বাধীনতা।
মঙ্গোলিয়ার অভিজ্ঞতায় দেখা যায়, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে আইনগত সংস্কার ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশনের আইন সংশোধন করে কমিশনারের সংখ্যা প্রথমে তিন থেকে পাঁচে উন্নীত করা, উন্মুক্ত প্রতিযোগিতামূলক নির্বাচনপ্রক্রিয়া চালু করা, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে অর্থ বরাদ্দ এবং নির্যাতন প্রতিরোধে পৃথক জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সংশোধনেও কমিশনের কাঠামো ও ক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানবাধিকার কমিশনকে সরকারের একটি আনুষ্ঠানিক দফতর হিসেবে নয়, বরং রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করার স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রেও এই উপলব্ধি অত্যন্ত জরুরি। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা নির্ভর করে শুধু আইনগত ম্যান্ডেটের ওপর নয়; বরং কমিশন কতটা স্বাধীনভাবে অভিযোগ অনুসন্ধান করতে পারে, রাষ্ট্রীয় সংস্থার কাছে তথ্য চাইতে পারে, সুপারিশ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ভুক্তভোগীদের আস্থা অর্জন করতে পারে, তার ওপর।
মঙ্গোলিয়ার অভিজ্ঞতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে মানবাধিকারকর্মীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়ন। ২০২১ সালের ২ এপ্রিল মঙ্গোলিয়ার পার্লামেন্ট ‘ল অন দ্য লিগ্যাল স্ট্যাটাস অব হিউম্যান রাইটস ডিফেন্ডার্স’ গ্রহণ করে। আইনটি একই বছরের ১ জুলাই কার্যকর হয়। এর মাধ্যমে মঙ্গোলিয়া এশিয়ার প্রথম দেশ হিসেবে মানবাধিকারকর্মীদের সুরক্ষায় বিশেষ আইনগত কাঠামো প্রতিষ্ঠা করে।
এর উত্তর নিহিত রয়েছে মানবাধিকারকর্মীদের কাজের প্রকৃতির মধ্যে। মানবাধিকারকর্মীরা প্রায়ই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বৈষম্য, পরিবেশগত ক্ষতি, নির্যাতন কিংবা বিচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেন। তাদের কাজের কারণে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়া, হুমকি, হয়রানি, নজরদারি, মামলা কিংবা শারীরিক আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন।
মঙ্গোলিয়ায় মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে বৈষম্য, ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং হয়রানির ঘটনা নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক উদ্বেগ প্রকাশ করেছিলেন। ২০১৯ সালে তার দেশ সফরের প্রতিবেদনেও এসব বিষয় উঠে আসে।
এই বাস্তবতা উপলব্ধি করেই মানবাধিকারকর্মীদের কাজকে কেবল সহনীয় হিসেবে বিবেচনা না করে আইনগতভাবে স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আইনটির উদ্দেশ্য মানবাধিকারকর্মীদের আইনগত অবস্থান স্বীকৃতি দেওয়া, তাদের কাজের পরিবেশ তৈরি করা, অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং মানবাধিকারকর্মীদের সুরক্ষাবিষয়ক একটি কমিটির কাঠামো ও কার্যক্রম নির্ধারণ করা।
এটি একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। রাষ্ট্র এখানে স্বীকার করছে যে মানবাধিকারকর্মীরা রাষ্ট্রের প্রতিপক্ষ নন; বরং মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিহার্য।মঙ্গোলিয়ার মানবাধিকারকর্মীদের মতে, এই সুরক্ষা আইন কোনো একক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। এটি ছিল দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টা।
মঙ্গোলিয়ার মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দপ্তর, মঙ্গোলিয়ার জাতীয় মানবাধিকার কমিশন, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং মানবাধিকারকর্মীরা আইন প্রণয়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ ছাড়াও স্থানীয় মানবাধিকার কর্মীরা মনে কওরে,জাতিসংঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার সুপারিশ বাস্তবায়ন, মানবাধিকারকর্মীদের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সুপারিশ এবং কারিগরি সহযোগিতা আইন প্রণয়নের পথ সুগম করে।
মঙ্গোলিয়ার এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা তখনই কার্যকর হয়, যখন তা জাতীয় পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রেও মঙ্গোলিয়ার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হলেও এর কার্যকারিতা, স্বাধীনতা, অভিযোগ অনুসন্ধানের ক্ষমতা এবং সুপারিশ বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে হলে জাতীয় মানবাধিকার কমিশনকে এমনভাবে শক্তিশালী করতে হবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। কমিশনার নিয়োগে স্বচ্ছতা, বহুপক্ষীয় অংশগ্রহণ, পর্যাপ্ত বাজেট এবং কার্যকর অনুসন্ধানক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।
একই সঙ্গে মানবাধিকারকর্মীদের সুরক্ষায় একটি বিশেষ আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারকর্মীদের বিষয়ে ঘোষণাপত্র, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং মঙ্গোলিয়ার আইনকে অভিজ্ঞতার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মঙ্গোলিয়ার অভিজ্ঞতা আমাদের একটি মৌলিক শিক্ষা দেয়-গণতন্ত্রের স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্র কতটা শক্তিশালী তার ওপর নয়; বরং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কতটা সুস্পষ্ট এবং নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত, তার ওপর।
বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক সংস্কারে রূপান্তর করা। মঙ্গোলিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি মানবাধিকারকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় নীতি হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে গণতন্ত্র কেবল নির্বাচনী ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে না; তা নাগরিকের দৈনন্দিন জীবনে অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের বাস্তব নিশ্চয়তা হয়ে উঠবে।
লেখক: মানবাধিকার কর্মী
*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।