নাইজারে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দিতে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের (ইকোওয়াস) পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা শনিবার প্যারিসে নাইজারের প্রধানমন্ত্রী ওহাউমাউদু মহামাদু ও রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।
সামরিক বাহিনীর হাতে (৬ আগস্ট) রবিবার পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের সময় আছে। অন্যথায় আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াসের দ্বারা সামরিক হস্তক্ষেপের হুমকি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল অভ্যুত্থানকারীদের। জোটের পক্ষ থেকে এই হুমকি বিশ্বাসযোগ্য।
শুক্রববার ইকোওয়াস জানিয়েছে, জোটের সামরিক নেতারা নাইজারে হস্তক্ষেপের পরিকল্পনায় সম্মত হয়েছেন।
আরও পড়ুন: নাইজারে হস্তক্ষেপ করবে না চাদ, সহায়তা স্থগিত করবে যুক্তরাষ্ট্র
ইকোওয়াসের কমিশনার আবদেল ফাতু বলেছেন, এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কখন, কীভাবে নাইজারে বাহিনী পাঠানো হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমরা কূটনৈতিকভাবে কাজ করতে চাই। আমরা তাদের (জান্তা) একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে সুযোগ দেওয়া হচ্ছে।
তবে নাইজারে সামরিক হস্তক্ষেপের অভিযান প্রসঙ্গে পাল্টা হুমকি দিয়েছে অভ্যুত্থানকারীরা।
জান্তার হাতে বন্দি নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে সামরিক বাহিনীকে ৭ দিনের সময় বেঁধে দেন ইকোওয়াসের নেতারা। দাবি না মানলে নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় যেকোনও ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি।
সূত্র: আল জাজিরা









