নাটকীয় প্রত্যাবর্তনে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনপন্থী লুলা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা অভূতপূর্ব চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন। রবিবার দেশটির নির্বাচন আদালত এ কথা জানিয়েছে। জরিপ, নজির ও বৈশ্বিক ক্ষমতাসীনবিরোধী মনোভাবকে উপেক্ষা করে অপ্রত্যাশিত এ ফল লাতিন আমেরিকায় ডানপন্থি নির্বাচনী জয়ের ঢেউয়ে লাগাম টেনে ধরেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লুলা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরব। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করেছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েল-ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে।

বৈশ্বিক বামপন্থার প্রতীক এবং এ শতকে ব্রাজিলের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শক্তি লুলা সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়েছেন। ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। প্রথম রাউন্ডে এগিয়ে থাকা এই সিনেটর বাবার চরম ডানপন্থি আন্দোলন পুনরুজ্জীবিত করার আশা করেছিলেন।

বছরের পর বছর দুর্নীতির কেলেঙ্কারি ও দ্রব্যমূল্য বাড়ায় ভোটারেরা লুলা ও তার ওয়ার্কার্স পার্টির প্রতি বিরূপ হওয়ায় একপর্যায়ে লুলার পুনর্নির্বাচন অসম্ভব মনে হচ্ছিল। এ ছাড়া সামাজিক ব্যাপক পরিবর্তনে অ্যাপনির্ভর অর্থনীতি ও এর ক্রমবর্ধমান অনানুষ্ঠানিক শ্রমিকের সারিতে সাবেক এ ধাতুশ্রমিক ও ইউনিয়ন নেতাকে বেমানান মনে হচ্ছিল।

লুলার এ জয় বহু প্রত্যাবর্তনে ভরা তার ক্যারিয়ারে আরেকটি প্রত্যাবর্তন। ৮০ বছর বয়সী লুলা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগে কারাগারে ছিলেন। পরে অভিযোগ বাতিল হওয়ায় ২০২২ সালের নির্বাচনে জাইর বলসোনারোকে হারানোর পথ খোলে।

লুলার সঙ্গে সাও পাওলোয় ভোট গণনার সময় উপস্থিত থাকা বামপন্থি ফেডারেল আইনপ্রণেতা এরিকা হিলটন রয়টার্সকে বলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক, একজন মহীরুহ।

জরিপ বিশেষজ্ঞেরা বলছেন, প্রত্যাশার চেয়ে ভালো ভোটার উপস্থিতি লুলাকে জয় এনে দিয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান থিঙ্ক পলিসির সহপ্রতিষ্ঠাতা লিওনার্দো বারেতো বলেন, বলসোনারোর নতুনত্বের বদলে ভোটারেরা লুলার পরিচিত আলিঙ্গন বেছে নিয়েছেন। তিনি বলেন, মানুষ আজ কিছুটা শঙ্কাসহ পরিবর্তন এবং এমন পরিচিত পথের মধ্যে বেছে নিচ্ছে, যা কিছু অধিকারের নিশ্চয়তা দেয়।

প্রচারণায় লুলা দারিদ্র্য ও অসমতা কমার রেকর্ড তুলে ধরেন। তার তৃতীয় মেয়াদে বেকারত্ব, নিরক্ষরতা ও বন উজাড় রেকর্ড সর্বনিম্নে নেমেছে। লুলার জয় ট্রাম্পকে এমন একটি বড় সংযোজন থেকে বঞ্চিত করেছে, যা নিরাপত্তা ও অভিবাসনে ওয়াশিংটনের এজেন্ডা গ্রহণ করা বন্ধুভাবাপন্ন ডানপন্থি লাতিন আমেরিকান সরকারের ক্রমবর্ধমান জোটে যুক্ত হতো।

লুলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিম রয়টার্সকে বলেন, বামপন্থি এ নেতা লাতিন আমেরিকায় ভারসাম্যের একটি বিন্দু প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেন। লুলাই সেই ভারসাম্য।

১৯৮০-র দশকে ব্রাজিলের গণতন্ত্রে ফেরার পর প্রথম রাউন্ডে দ্বিতীয় হয়েও নির্বাচিত হওয়া প্রথম প্রার্থী লুলা। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন লুলা। বাস্তববাদ ও পপুলিজমের শক্তিশালী মিশ্রণে তিনি প্রচারণা চালিয়েছেন, যা অর্ধশতক ধরে জাতীয় রাজনীতিতে তার ক্যারিয়ার গড়েছে। শ্রমিক ও দরিদ্র ব্রাজিলিয়ানদের জীবন উন্নত করতে তিনি একের পর এক সংস্কার এনেছেন। প্রচারণার শেষ দিকে দেওয়া প্রতিশ্রুতির কারণে এগুলো গতি পায়। এর মধ্যে ছিল সপ্তাহান্তে সারা দেশে বিনামূল্যে গণপরিবহন, যা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পেশ করতে হবে, এবং তার পরিচিত কল্যাণ কর্মসূচিতে ১৫ শতাংশ বৃদ্ধি, যা ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে।

কয়েক দশকের মধ্যে ব্রাজিলের বৃহত্তম শ্রম সংস্কার হয়ে ওঠা সাংবিধানিক সংশোধনীও সমর্থন করেছিলেন লুলা, যা কংগ্রেসে ব্যাপক সমর্থনে পাস হয়। তবু লুলার চতুর্থ মেয়াদ তার সবচেয়ে কঠিন হতে পারে। ১৯৮০-র দশকে গণতন্ত্রে ফেরার পর ব্রাজিল তার সবচেয়ে রক্ষণশীল কংগ্রেস নির্বাচন করেছে। বলসোনারোর লিবারেল পার্টি (পিএল) ও মিত্র দলগুলো সম্মিলিতভাবে নিম্নকক্ষে ২৮০টির বেশি এবং সিনেটে ৫০টি পর্যন্ত আসনে নিয়ন্ত্রণ করতে পারে, যা উভয় কক্ষেই স্বচ্ছন্দ সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।

সাও পাওলোর গেতুলিও বার্গাস ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক অলিভার স্টুয়েনকেল বলেন, আগত আইনসভা সম্ভবত সাম্প্রতিক প্রবণতা আরও গভীর করবে, যেখানে প্রেসিডেন্টরা কংগ্রেসের হাতে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। তার পূর্বাভাস, সুপ্রিম কোর্টের মনোনয়নে লুলার প্রভাব কমবে, বিশৃঙ্খল দলীয় জোটের মুখোমুখি হতে হবে এবং অভিশংসনের হুমকিও আসতে পারে।

পরের বছর সরকারের পূর্বাভাসে মাত্র ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির অর্থনীতির মুখোমুখি লুলা। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ সুদের হার এবং মহামারির পর সর্বোচ্চ ছাড়িয়ে যাওয়া ৮২ শতাংশের বেশি জিডিপি অনুপাতে সরকারি ঋণসংক্রান্ত রাজস্ব উদ্বেগ।

প্রেসিডেন্টের সমালোচকেরা ব্যয়কে দায়ী করলেও ঋণ বৃদ্ধির বেশির ভাগই সুদের খরচের কারণে। গোল্ডম্যান স্যাকস আশা করছে, রাষ্ট্রচালিত প্রবৃদ্ধি মডেলে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় চতুর্থ মেয়াদে ব্যয় নিয়ন্ত্রণে লুলা বড়জোর সামান্য অগ্রগতি করবেন।

বিশেষজ্ঞদের মতে, আগামী ডানপন্থি কংগ্রেস ব্যবসাবান্ধব কাঠামোগত সংস্কার পাস করার চেষ্টা করবে, যা ব্যয় কাটছাঁটের পথ খুলবে এবং সামাজিক অস্থিরতা উসকে দিতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প
ইউরোপের এক দেশে নির্বাচনে ভূমিধস জয়ে সরকার গঠন করছে জেন-জি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
সর্বশেষ খবর
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প
নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প
‘ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’, ফেসবুক লাইভের পর আটক নারী উদ্যোক্তা
‘ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’, ফেসবুক লাইভের পর আটক নারী উদ্যোক্তা
স্বয়ংক্রিয় দরজা-আধুনিক শৌচাগার, তবু জাপানের ট্রেনে কীসের অভাব?
স্বয়ংক্রিয় দরজা-আধুনিক শৌচাগার, তবু জাপানের ট্রেনে কীসের অভাব?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার