যুক্তরাষ্ট্রের আলাস্কার কাছে বেশ কয়েকটি রুশ বোমারু ও যুদ্ধবিমানের গতিরোধ করার দাবি করেছে নর্থ আমেরিকান এয়ার ডিফেন্স (নোরাড) বাহিনী। নোরাড কমান্ড এক বিবৃতিতে বলেছে, আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়ন অবস্থায় এগুলোর গতিরোধ করা হয়। তবে ইউক্রেনে চলমান যুদ্ধের উত্তেজনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই, এগুলো নিয়মিত ঘটনা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
১৪ ফেব্রুয়ারি তারিখে দেওয়া মার্কিন-কানাডিয়ান যৌথ সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই উড়োজাহাজগুলো শনাক্ত করা হয়। তবে এগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি এবং কোনও হুমকি হয়ে দেখা দেয়নি।
এতে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে উত্তর আমেরিকার আকাশে ভূপাতিত করা অজ্ঞাত বস্তুগুলোর সঙ্গে রুশ উড়োজাহাজের কোনও সম্পৃক্ততা নেই। নোরাড এই রুশ গতিবিধির আভাস পেয়েছিল… দুটি নোরাড এফ-১৬ যুদ্ধবিমান রুশ উড়োজাহাজগুলোর গতিরোধ করে।
যুক্তরাষ্ট্রও নিয়মিত গোয়েন্দা অভিযান পরিচালনা করে। এসব অভিযানে অপর দেশের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ করে না। সামরিক অভিযানের স্বাভাবিক অংশ হয়ে পড়েছে এমন ফ্লাইট।
বিবৃতিতে বলা হয়েছে, নোরাড নিয়মিত বিদেশি উড়োজাহাজের গতিবিধিতে নজর রাখে এবং প্রয়োজনে তাদের পাহারা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
বুধবার রাশিয়া বলেছে, গত কয়েক দিনে আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বেরিং সাগর রয়েছে। তাদের দুটি টিউ-৯৫এমএস স্ট্র্যাটেজিক মিসাইল ক্যারিয়ার বেরিং সাগরের ওপর উড়েছে। তাদের সঙ্গে ছিল এসইউ-৩০ যুদ্ধবিমান। একই সঙ্গে নরওয়ের উত্তরে এবং রাশিয়ার পূর্বদিকে আন্তর্জাতিক জলসীমাতেও এমন রুটিন ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে এসব উড়োজাহাজের গতিরোধ করা হয়েছিল কিনা তা জানায়নি রাশিয়া।









