বন্দুক ঠেকিয়ে মার্কিন কংগ্রেসম্যান হেনরি কুয়েলারের গাড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার (০২ অক্টোবর) রাতে ওয়াশিংটন ডিসির দক্ষিণ-পূর্বের নেভি ইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হেনরি কুয়েলার টেক্সাস থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য। ক্যাপিটল থেকে তার গাড়িটি প্রায় এক মাইল দূরে পার্কিং করছিলেন তিনি। এ সময় তিনজন অস্ত্রধারী তার কাছে আসে। তারপর বন্দুক ঠেকিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায়। ছিনতাইয়ের সময় তার কোনও ক্ষতি হয়নি। পরে চুরি হওয়া গাড়িটি উদ্ধার হয়।
ইউএস ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদেরকে ধরতে গোয়েন্দারা কাজ করছে।
কুয়েলারের চিফ অব স্টাফ জ্যাকব হোচবার্গে বলেন, গাড়ির পাশাপাশি ফোন ও আইপ্যাড চুরি হয়েছিল। এগুলো ফেরত পাওয়া গেছে কিনা তা স্পষ্ট নয়।
সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনে গাড়ি ছিনতাইয়ের হার বেড়ে চলেছে। ২০২১ সালে স্থানীয় পুলিশ বিভাগ সমস্যাটি মোকাবিলা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছিল।









