ভবিষ্যতের জন্য টাকা জমানোকে ‘অর্থহীন’ বলে মনে করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি মনে করেন, ভবিষ্যতে অর্থের কোনও গুরুত্বই থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর বার্তার জবাবে টেক্সলা ও স্পেসএক্সের এই সিইও এ মন্তব্য করেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৬৮ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক এক ব্যবহারকারীর মতামতের সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, অতি-বুদ্ধিমান প্রাচুর্যের এই যুগে সুদূর ভবিষ্যতের জন্য টাকা জমানো অর্থহীন।
তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের অগ্রগতির ফলে মানুষ একসময় টাকা জমানোর ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে।
তবে মাস্কের এমন কাল্পনিক ও আদর্শ জগতের ধারণায় মোটেও সন্তুষ্ট নন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। প্রায় ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে অন্যদের টাকা না জমানোর পরামর্শ দেওয়ায় অনেকে তীব্র সমালোচনা করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, কথাটি বলছেন ট্রিলিয়ন ডলারের মালিক এক ব্যক্তি। অন্য একজন মন্তব্য করেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ভ্রমের মধ্যে আছেন। আপনি কি মনে করেন লোভী করপোরেট প্রতিষ্ঠানগুলো আইনের বাধ্যবাধকতার বাইরে সাধারণ মানুষের সহায়তায় কিছু করবে?
আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, টাকা যদি অর্থহীনই হয়, তবে আপনার টাকা আমাকে দান করে দিন। আমি আপনাকে এই অর্থহীনতা থেকে মুক্ত হতে সাহায্য করব।
চতুর্থ এক ব্যবহারকারী সতর্ক করে বলেন, ইলন, আপনি উত্তরণকালীন সময়টিকে এড়িয়ে যাচ্ছেন। এই অতি-বুদ্ধিমান প্রাচুর্য শান্তিপূর্ণ বা সমানভাবে আসবে না। এটি শ্রমবাজার ধ্বংস করবে, জীবন জীবিকা কেড়ে নেবে, ক্ষমতা কুক্ষিগত করবে এবং একটি বিশাল সামাজিক অসন্তোষ সৃষ্টি করতে পারে।
ভবিষ্যৎ নিয়ে মাস্কের এমন মতামত এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে মুনশটস উইথ পিটার ডায়াম্যান্ডিস পডকাস্টে তিনি বলেন, ১০ বা ২০ বছর পরের অবসরের জন্য টাকা জমানোর চিন্তা করবেন না। এটির কোনও মূল্য থাকবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মাধ্যমে উৎপাদনশীলতা ব্যাপক হারে বাড়লে একসময় অক্সিজেনের মতোই অর্থ সবার কাছে সহজলভ্য ও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে মনে করেন তিনি।
সূত্র: এনডিটিভি
স্বজনদের পরিচয়ে ২ কোটি টাকার জালিয়াতি, ব্রিটেনে বাংলাদেশি জুয়ারির কারাদণ্ড
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ