পাকিস্তানের করাচিতে এক ধর্মীয় সমাবেশে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। শনিবার করাচির নাজিমাবাদে এই বন্দুক হামলা চালানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, হামলাকারী বন্দুকধারী অন্তত চারজন ছিলো। হঠাৎ করেই মজলিসে প্রবেশ করে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে তারা।
করাচি পুলিশ প্রধান এডি খাজা বলেন, ‘মজলিসের সংগঠকরা এই আয়োজনের কথা আগে থেকে পুলিশকে জানাননি। ফলে মজলিসের বাইরে কোনও পুলিশ মোতায়েন করা ছিল না।’
ডন নিউজ সূত্র জানায়, নিহতদের মধ্যে সবাই একই পরিবারের সদস্য এবং তিনজন সহোদর ভাই। আহত ও নিহতদের কাছের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই চারজন পুরুষ মারা যান।একজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছালেও চিকিৎসা চলাকালেই মারা যান।
পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে প্রায়ই হামলার ঘটনা ঘটে। সূত্র: ডন।
/ইউআর/এএ/








