ইন্দোনেশিয়ার জাকার্তায় সাধারণ নির্বাচনের আগমুহূর্তে লক্ষাধিক মুসলিমপন্থী একটি শান্তিপূর্ণ মিছিল করেছেন। জাকার্তার খ্রিস্টান ধর্মাবলম্বী গভর্নরের পদত্যাগের দুই বছর পূর্তিতে এই মিছিল আয়োজন করা হয়। ২০১৬ সালে ইসলাম অবমাননার অভিযোগে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন ওই গভর্নর।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় খ্রিস্টান গভর্নর বাসুকি জাহাজা পুর্নামার পদত্যাগের ঘটনাটি দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি হিসেবে দেখা হয়েছিল। পদত্যাগের পর তার দুই বছর কারাদণ্ডের সাজা পেতে হয়েছে। ওই পদত্যাগের দুই বছর পূর্তি উপলক্ষে মিছিলটি আয়োজন করা হলেও বিশ্লেষকরা এই কর্মসূচির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে মনে করছেন।
জাকার্তা পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রবিবারের শান্তিপূর্ণ মিছিলে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ২৩ হাজার সদস্য নিয়োজিত ছিল।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেরই পরনে ছিল সাদা পোশাক এবং হাতে ছিল ইসলামি পতাকা। মিছিলটি ন্যাশনাল মনুমেন্টে গিয়ে শেষ হয়। সেখানে সাবেক জেনারেল ও প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোয়ো সুবিয়ান্তো ভাষণ দেন।
২০১৬ সালের ডিসেম্বরে জাকার্তার গভর্নরবিরোধী বিক্ষোভকে সমর্থন দিয়েছিলেন সুবিয়ান্তো। বিশ্লেষকরা মনে করছেন, আগামী এপ্রিলের নির্বাচনে সুবিয়ান্তোর জয় নিশ্চিত করতে পারে এই মিছিল।
নির্বাচনে সুবিয়ান্তো লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিরুদ্ধে। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উইদোদো রক্ষণশীল ইসলামি ধর্মীয় নেতা মা’রুফ আমিনকে মনোনীত করেছেন। এর মাধ্যমে তিনিও মুসলিম ভোটারদের কাছে টানতে চাইছেন।








