নিজের ডাকা সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। তবে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখে পড়ে ধৈর্য্য ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। ঘটিয়েছেন অদ্ভূত এক কাণ্ড। মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রশ্নের উত্তর না দিয়ে বরং সামনে থাকা সাংবাদিকদের দিকে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে সেখান থেকে চলে যান তিনি।
উল্লেখ্য, সাত বছর আগের এক বিক্ষোভে প্রায়ুথের মন্ত্রিসভার তিন বিদ্রোহী মন্ত্রী কারাবরণ করার পর কারা তাদের স্থলাভিষিক্ত হবেন- এমন প্রশ্নেই রেগে যান থাই প্রধানমন্ত্রী। গত সপ্তাহে থাই মন্ত্রিসভার ওই তিন সদস্যকে কারাদণ্ড দেন দেশটির আদালত। মূলত তিন মন্ত্রণালয়ে রদবদল নিয়েই প্রশ্নের মুখে পড়েন প্রায়ুথ চান-ওচা। এরপরই তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন।
সাংবাদিকরা এ সংক্রান্ত প্রশ্ন করলে প্রায়ুথ মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ দমন করতে পারেননি। রাগত ভঙ্গিতে তিনি সাংবাদিকদের বলেন, 'আর কিছু জিজ্ঞাসা করার নেই আপনাদের? আমি কিছু জানি না, কিছুই দেখিনি আমি। এটা কি এমন কোনও বিষয় যা একজন প্রধানমন্ত্রীর আগেই জানা উচিৎ?'
সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। তারই মধ্যে প্রায়ুথ মঞ্চ ছেড়ে স্যানিটাইজারের ছোট বোতল হাতে নিয়ে এগিয়ে যান সাংবাদিকদের দিকে।তারপর মুখে মাস্ক চেপে ধরে সাংবাদিকদের দিকে স্যানিটাইজার স্প্রে করতে করতে সম্মেলনস্থল ছেড়ে বেরিয়ে যান।
২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রায়ুথ। সংবাদ সম্মেলনে তার বিতর্কিত আচরণ এটিই প্রথম নয়। তবে মঙ্গলবারের ওই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচারকালে তার এমন আচরণ সবাইকে অবাক করে দিয়েছে।









