আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, রাজধানী কাবুলে তালেবানের প্রবেশের পর রক্তপাত এড়াতে দেশ ছেড়ে গেছেন তিনি। রবিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
মাত্র ১০ দিনের মধ্যে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে রবিবার প্রায় বিনা প্রতিরোধে রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান বাহিনী। প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান ঢুকে পড়ার মধ্যে দেশ ছেড়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
দেশ ছাড়ার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে ফেসবুক পোস্টে আশরাফ ঘানি বলেন, কাবুলের লাখ লাখ মানুষের সঙ্গে তিনিও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘রক্তপাত এড়াতে, আমার মনে হয়েছে দেশ ছেড়ে যাওয়াই ভালো।’
আশরাফ ঘানি দাবি করেন, তালেবান বিদ্রোহীরা এখন এক ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ‘তলোয়ার এবং বন্দুকের বিচারে তালেবান বিজয় অর্জন করেছে আর এখন আমাদের দেশবাসীর আত্মমর্যাদা, সমৃদ্ধি এবং সম্মানের সুরক্ষার দায়িত্ব তাদের।’
দেশ ছাড়লেও বর্তমানে কোথায় রয়েছেন তা প্রকাশ করেননি আশরাফ ঘানি। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষীদের বরাতে জানিয়েছে, আশরাফ ঘানি, তার স্ত্রী, চিফ অব স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিবেশী দেশ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে উড়াল দিয়েছেন।








