তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে আবারও ১৯টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় এসব যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়েছে, বুধবার (১ মার্চ) দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণ-পশ্চিম দিকে জে-১০ নামক চীনা যুদ্ধবিমানগুলোর অনুপ্রবেশের কথা জানায় তাইওয়ান। একই দিনে আরও ছয়টি চীনা সামরিক বিমান এবং তিনটি নৌযান তাইওয়ানে প্রবেশ না করলেও দেশটির সীমান্তের কাছ দিয়ে গেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিমানবাহিনীকে যুদ্ধবিমান প্রস্তুত ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেয় দেশটির সামরিক বাহিনী।
স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী ভূখণ্ড হিসেবে মনে করে চীন। গত কয়েক বছর ধরে সঙ্গে ‘এক চীননীতি’ বাদ দিয়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে চীন-মার্কিন উত্তেজনা বিরাজ করছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং। তাইওয়ানের দাবি, দ্বীপটি দখলের মহড়া দিচ্ছে চীনের সেনাবাহিনী।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, যুদ্ধবিমানগুলো তাইওয়ানের চেয়ে চীনা উপকূলের বেশি কাছাকাছি ছিল। যুদ্ধবিমানগুলো তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করলেও তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেনি। এই রেখাকে চীন ও তাইওয়ানের মধ্যে সীমানা রেখা হিসেবে বিবেচনা করা হয়।
এর আগেও মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে এই সীমানা রেখাকেও অতিক্রম করে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে চীন।









