পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত সাত শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের আপার কুররাম তহশিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি এ খবর জানিয়েছে। এটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে সর্বশেষ ঘটনা।
স্থানীয় পুলিশ বলছে, একটি উচ্চ বিদ্যালয়ের স্টাফরুমে শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। ওই সময় স্কুলের সব শিক্ষক ভবনে ছিলেন পরীক্ষার দায়িত্ব পালনে। এলাকাটির সবগুলো হাসপাতালে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।
খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে খুঁজছে। কিন্তু এখন পর্যন্ত তাকে শনাক্ত করতে সক্ষম হয়নি তারা।
এই হামলার পর এলাকাটিতে চলমান ম্যাট্রিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পৃথক ঘটনায় একই এলাকায় একটি চলন্ত গাড়িতে হত্যা করা হয়েছে এক শিক্ষককে। ফলে বৃহস্পতিবার প্রদেশটিতে নিহত শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে আট জনে।
পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, শিক্ষকদের ওপর যারা হামলা চালিয়েছে তারা শিক্ষার শত্রু। এই হামলা নিন্দাজনক।







