টানা বৃষ্টিতে বিপর্যস্ত চীনের উত্তর-পশ্চিমাঞ্চল। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি প্রদেশে আগামী দুই দিনের মধ্যে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। সাংঝি, শিমেন, ইয়ংশুন কাউন্টি এবং ঝাংজিয়াজি সিটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর-পশ্চিম হুনান প্রদেশের তিন হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, সাংঝি, শিমেন, ইয়ংশুন কাউন্টি এবং ঝাংজিয়াজি সিটিতে প্রবল বৃষ্টির কারণে উত্তর-পশ্চিম হুনান প্রদেশের ৩ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশন বলছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত সর্বোচ্চ ২৫৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সাংঝিতে৷ ১৯৯৮ সালের পর যা এই প্রথম।
গ্রীষ্মের শুরু থেকেই বৃষ্টি এবং বন্যায় নাকাল চীন। জুলাইয়ের শেষের দিকে টাইফুন ডকুসরি ঝড়ের প্রভাবে চীনে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বেইজিং বলছে, ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে তারা।
এদিকে আরেক টাইফুন সাওলা এখন দক্ষিণ চীন সাগরে দিয়ে বয়ে যাচ্ছে। শুক্রবারের মধ্যে এটি গুয়াংডং প্রদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।
টাইফুন সাওলার গতিপথ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চীন আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফুজিয়ান এবং ঝেজিয়াং প্রদেশসহ উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টিপাত ডেকে আনবে টাইফুনটি।
সূত্র: রয়টার্স








