ধর্ষণের প্রতিবাদে উত্তাল ভারতে একের পর এক ঘটনা সামনে আসছে। এবার ধর্ষণে শিকার হলো ১৩ বছরের শিশু। অপহরণের পর তাকে ধর্ষণ করেছে তার ২১ বছর বয়সী এক বন্ধু। বৃহস্পতিবার (২২ আগস্ট) এই তথ্য জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিযুক্ত ওই পুরুষের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়েছিল। এর পর তারা দেখা করার সিদ্ধান্ত নেন। অভিযুক্ত ওই ব্যক্তি মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করতো।
ভাকোলা পুলিশ স্টেশনে ২১ বছর বয়সী ওই পুরুষের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পিওসিএসও অ্যাক্ট)’ এর আওতায় এই মামলা করা হয়। অভিযুক্তকে তার গ্রাম গোরগাঁও থেকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ আগস্ট ভুক্তভোগীকে আন্ধেরির একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। পরবর্তীতে একটি গ্রামে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে গুজরাটে নিয়ে যান অভিযুক্ত ওই ব্যক্তি। সেখানে তাকে আরও তিনবার ধর্ষণ করা হয়।
১৫ আগস্ট অনেকক্ষণ ধরে বাড়িতে না ফেরায় মেয়েটির খোঁজ করে তার পরিবার। তবে অনেক খুঁজেও তার কোনও হদিস পাওয়া যায়নি। কয়েকদিন পর মেয়েটি নিজে নিজেই বাড়ি ফেরে।
বাড়ি ফিরে মেয়েটি অনেক চুপচাপ ছিল। কী হয়েছে জানতে চাইলে তার পরিবারকে সব ঘটনা খোলে বলে সে।
মেয়েটির ইনস্টাগ্রামের ছবি দেখে অভিযু্ক্তকে শনাক্ত করে তার পরিবার। এর পরই কাছাকাছি একটি পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ লেখায় তারা।
মহারাষ্ট্রের থানে জেলার বাদলপুরে দুই শিশুকে ধষণের প্রতিবাদের মধ্যেই এই ঘটনাটি সামনে এলো। কিন্ডারগার্টেনে পড়ুয়া ওই দুই শিশু স্কুলটির পরিচ্ছন্নতাকর্মী হাতে ধর্ষনেনর শিকার হন।
মঙ্গলবার বাদলাপুরে বিক্ষোভের সময় সংঘর্ষে ২৫ জন পুলিশ আহত হন।







