ট্রাম্পের শুল্ক আরোপ, এশিয়ার শেয়ারবাজারে রেকর্ড পতন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

এশিয়ার শেয়ারবাজারগুলোতে সোমবার রেকর্ড দরপতন হয়েছে। এই পতনের মাত্রা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাবে বৈশ্বিক বাজারগুলোতে দরপতন হচ্ছে। সাংহাই থেকে টোকিও, সিডনি থেকে হংকং—প্রায় সব বাজারের সূচকই রেকর্ড হারে পতন হয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাংহাই কম্পোজিট সূচক একপর্যায়ে ৮ শতাংশ এরও বেশি নিচে নেমে যায়। হংকংয়ের হ্যাং সেং ১৩.২২ শতাংশ নিচে বন্ধ হয়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ পতন। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭.৮ শতাংশ কমেছে। বিশ্লেষকরা একে ‘রক্তস্নান’ বলে আখ্যায়িত করেছেন। 

ইউরোপের বাজারগুলোও সোমবার সকালে নিম্নমুখী ছিল, ব্যাংক ও প্রতিরক্ষা খাতের শেয়ারে সবচেয়ে বেশি ধস নেমেছে। গত সপ্তাহে ট্রাম্প বেশিরভাগ দেশের ওপর ১০  থেকে ৪৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা বৈশ্বিক বাজারকে কাঁপিয়ে দিয়েছে। 

এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতিগুলো মার্কিন বাজারের ওপর ব্যাপক নির্ভরশীল। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ধনী মিত্র দেশগুলো ২৬ শতাংশ শুল্কের মুখে পড়েছে। অন্যদিকে, ভিয়েতনামের মতো উদীয়মান অর্থনীতিগুলো ৪৬ শতাংশ শুল্ক মোকাবিলা করতে যাচ্ছে। ট্রাম্প ভিয়েতনামকে ‘সবচেয়ে বড় অপরাধী’ বলে আখ্যায়িত করেছেন। 

কম্বোডিয়ার (৪৯ শতাংশ), থাইল্যান্ডের (৩৬ শতাংশ) ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। চীনের পণ্যের ওপর মোট ৫৪ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। সিঙ্গাপুর, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ওপর ইতোমধ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। 

ভ্যাঙ্গার্ডের এশিয়া-প্যাসিফিক প্রধান অর্থনীতিবিদ কিয়ান ওয়াং বলেছেন, এশিয়াই মার্কিন শুল্ক বৃদ্ধির সবচেয়ে বড় ধাক্কা সামলাচ্ছে। আলোচনার কিছু সুযোগ থাকলেও, উচ্চ শুল্কের নতুন এই ব্যবস্থা দীর্ঘমেয়াদি হতে পারে। 

এদিকে, মার্কিন অর্থনীতিতে মন্দা বা মন্থরগতির আশঙ্কায় এশিয়ার বাজারগুলো আরও সংবেদনশীল হয়ে উঠেছে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ মাসে মার্কিন অর্থনীতিতে মন্দার আশঙ্কা ৪৫ শতাংশ। জেপি মরগ্যানের মতে, এই শঙ্কা ৬০ শতাংশ। 

বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এ ঘোষণা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ থেকে বছরে ৮.৪ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয় যুক্তরাষ্ট্রে। ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন, যা দেশটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। 

চীনও পাল্টা শুল্ক ঘোষণা করেছে, যা শুক্রবার বৈশ্বিক শেয়ারবাজারে ধস ত্বরান্বিত করেছে। মার্কিন শেয়ারবাজার সূচকগুলো ৫ শতাংশের বেশি নিচে নেমেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহ। ইউরোপের বাজারগুলোর অবস্থাও একই রকম—জার্মানি ও ফ্রান্সের সূচকগুলোতে বড় ধরনের পতন হয়েছে। 

বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধস এখনও চলতে পারে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের ফটসে রাসেলের জুলিয়া লি বলেছেন, শুল্ক বৃদ্ধি মুদ্রাস্ফীতি ও মন্দার আশঙ্কাকে বাড়িয়ে দিচ্ছে।

ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বৈশ্বিক শেয়ারবাজার ইতোমধ্যে ট্রিলিয়ন ডলারের বেশি মূল্য হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার অর্থনীতিগুলোই এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের