চীনের পররাষ্ট্রমন্ত্রী যে কারণে দিল্লি সফরে আসছেন

দিল্লি প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২৩:২৯আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৬:২৯

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দিল্লিতে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে শনিবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে আরও জানিয়েছে, এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর– দু’জনের সঙ্গেই আলাদা আলাদা বৈঠকে বসবেন।

ওয়াং ই ভারতে এসে পৌঁছবেন সোমবার (১৮ আগস্ট), আর তার সফর শেষ হবে পরদিন – অর্থাৎ মঙ্গলবার (১৯ আগস্ট)। অজিত দোভালের আমন্ত্রণেই যে এই সফর, জানানো হয়েছে সে কথাও।    

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া মোট ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্কের ধাক্কা কীভাবে সামলানো হবে, ভারত যখন সেই কৌশল নির্ধারণে ব্যস্ত–সেই পটভূমিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে যেহেতু আমেরিকার ট্যারিফের মোকাবিলায় ভারত-চীন-রাশিয়া ‘ট্রয়কা’র কাছাকাছি আসার একটি সুযোগ তৈরি হয়েছে বলে অনেক পর্যবেক্ষকই মনে করছেন। সেই কারণেও ওয়াং ই-র ভারত সফরের দিকে তাদের নজর থাকবে স্বাভাবিকভাবেই। এখানে উল্লেখ করা যেতে পারে, ওয়াং ই-র সঙ্গে দিল্লিতে বৈঠক সেরেই জয়শংকর তিনদিনের সফরে (২১-২৩ আগস্ট) মস্কোতে যাবেন, দেখা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে।  

তা ছাড়া চলতি আগস্ট মাসের শেষ দিকেই এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেইজিং সফরে যাওয়ারও কথা আছে। তিনি দীর্ঘ সাত বছরের ওপর হলো চীন সফরে যাননি, ফলে নরেন্দ্র মোদির সম্ভাব্য সেই সফরের কূটনৈতিক প্রস্তুতি নিয়েও অবধারিতভাবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে কথাবার্তা হবে।

তবে ভারত সরকারের বিবৃতিতে অবশ্য তার সফরের ঘোষিত কারণ হিসেবে ‘সীমান্ত আলোচনা’কেই তুলে ধরা হয়েছে।

ভারত ও চীনের মধ্যে ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি) নামে যে বেশ কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তরেখা রয়েছে, সেই বিতর্কগুলোর নিষ্পত্তিতে দু’পক্ষের মধ্যে একটি নির্দিষ্ট আলোচনার কাঠামো রয়েছে। 

এটিকে বলা হয় ‘এস আর’ বা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ লেভেল টকস–আর ভারত ও চীনের হয়ে এখন এই ‘বিশেষ প্রতিনিধি’র দায়িত্ব পালন করছেন যথাক্রমে অজিত দোভাল ও ওয়াং ই।

(বাঁ দিক থেকে) অজিত দোভাল, ওয়াং ই ও এস জয়শংকর

পাঁচ বছর আগে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই সে আলোচনা থমকে ছিল। কিন্তু গত বছর (২০২৪) অক্টোবরে রাশিয়ার কাজানে ‘ব্রিকস’ সামিটে প্রধানমন্ত্রী মোদি আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মুখোমুখি বৈঠকের পরই সে আলোচনা আবার নতুন করে শুরু হয়। ভারত ও চীন এলএসি-তে শান্তি বজায় রাখার ব্যাপারেও অনেকগুলো পদক্ষেপ নিতে একমত হয়।

এর পর গত বছর ডিসেম্বরে সীমান্ত আলোচনার ২৩-তম রাউন্ডে অংশ নিতে অজিত দোভাল বেইজিংয়ে যান। সেই সফরেই তিনি চীনের ‘এস আর’ ও তার কাউন্টারপার্ট ওয়াং ই-কে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে আসেন।

সেই আমন্ত্রণ গ্রহণ করেই এখন চীনের পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত আলোচনার ২৪-তম রাউন্ডে অংশ নিতে দিল্লিতে আসছেন।

বস্তুত যে চীন ও ভারতের মধ্যে সম্পর্কে মাত্র বছরখানেক আগেও রীতিমতো উত্তেজনার আভাস ছিল, সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপে কিন্তু তাতে উষ্ণতার আভাস দেখা যাচ্ছে।

২০২০ সালের পর এ বছরই ভারতীয়রা প্রথমবারের মতো চীনের কৈলাস মানসরোবর তীর্থযাত্রায় যেতে পেরেছেন

বেইজিং ও দিল্লি অনেক বিষয়ে পরস্পরকে ভরসা করতে শুরু করেছে বলেও বিশ্লেষকরা মনে করছেন–যার পেছনে মার্কিন প্রশাসনের একটা পরোক্ষ ভূমিকা আছে। 

ট্যারিফ ইস্যুতে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে চাপ দিতে শুরু করেছেন, সেটাই ভারতকে ক্রমশ চীন-রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলেও অনেকেই মনে করছেন।

স্ট্র্যাটেজিক দিকগুলো ছাড়াও উল্লেখ্য যে গত জুলাই মাস থেকে ভারত আবার চীনের নাগরিকদের পর্যটক ভিসা দিতে শুরু করেছে। তার আগে গত এপ্রিল মাসে দীর্ঘ পাঁচ বছর পর চীন আবার ভারতের তীর্থযাত্রীদের তিব্বত অঞ্চলে ‘কৈলাস মানসরোবর’ যাত্রায় যাওয়ার অনুমতি দিয়েছে।

এই সব কারণেই ভূরাজনীতির বিশ্লেষকরা এখন প্রবল উৎকণ্ঠা নিয়ে নজর রাখছেন, ‘ড্রাগন আর হাতি কি অবশেষে একসঙ্গে নাচবে?’

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি