রক্তক্ষয়ী দিন লাদাখে: জেন-জি বিক্ষোভে উত্তাল উপত্যকা, পুড়লো বিজেপি কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

ভারতের হিমালয় অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ উপত্যকা। সম্প্রতি ভারত-চীন উত্তেজনার কেন্দ্রে ছিল এই উপত্যকা। বুধবার জেন-জি নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের মাধ্যমে উত্তাল হয়ে উঠেছে অঞ্চলটি। বিক্ষুব্ধ তরুণরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভের সমন্বয়কারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে বহু সংখ্যক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কেন ফুঁসছে লাদাখ?

লাদাখ একটি উচ্চতর শীতল মরুভূমি অঞ্চল। প্রায় ছয় বছর ধরে লাদাখের হাজার হাজার মানুষ স্থানীয় নাগরিক সংস্থাগুলোর নেতৃত্বে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা ও ভারতের কাছ থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে শান্তিপূর্ণভাবে মিছিল ও অনশন করছেন। লাদাখবাসী চান একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষমতা। ২০১৯ সাল থেকে ভারত অঞ্চলটিকে কেন্দ্রীয় সরকার শাসন করছে।

শান্তিপূর্ণ পথ ছাড়লেন তরুণরা: ‘জেড-জি বিপ্লব’

তবে বুধবার, মোহভঙ্গ হওয়া তরুণরা শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে আসে। অনশন ধর্মঘটের নেতৃত্ব দেওয়া শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক জানান, এটা ছিল যুবকদের একটি বিস্ফোরণ, এক ধরনের জেড-জি বিপ্লব, যা তাদের রাস্তায় নামিয়েছে।

তিনি নেপালে সম্প্রতি সরকার পতনের মতো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্থানগুলোর প্রসঙ্গ উল্লেখ করেন।

শান্তিপূর্ণ প্রতিবাদ কাজ করছে না, এমন ধারণা থেকেই এই সহিংসতা জন্ম নেয়। ১৫ দিনের অনশনের পর ৬২ ও ৭১ বছর বয়সী দুই কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় স্থানীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এছাড়া, মোদি সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্ব হওয়ায় বিক্ষোভকারীরা ক্ষুব্ধ ছিলেন।

লেহ-এর শহীদ স্মৃতিস্তম্ভ পার্কের কাছে প্রতিবাদস্থল থেকে জেন-জি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো স্থানীয় সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ের দিকে স্লোগান দিতে দিতে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় চারজন নিহত এবং একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

ইতিহাসের ‘রক্তাক্ত দিন’

অনশন ধর্মঘটের সমন্বয়কারী জিগমত পালজোর আল জাজিরাকে বলেছেন, এটা লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। যারা ধর্মঘটের দাবিগুলো সমর্থন করতে রাস্তায় নামা আমাদের তরুণদের তারা হত্যা করেছে।

তিনি আরও বলেন, পাঁচ বছর ধরে সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ ক্লান্ত ও ক্ষুব্ধ ছিল। সহিংসতার পরিপ্রেক্ষিতে তার সংগঠন অনশন প্রত্যাহার করে শান্তির আহ্বান জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে সংঘর্ষে ৩০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর কর্মী আহত হয়েছেন। তাদের দাবি, পুলিশকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে, যার ফলস্বরূপ কিছু ‘প্রাণহানি’ হয়েছে।

সরকার আরও বলেছে যে, এটা স্পষ্ট যে সমবেতকে উসকে দিয়েছেন ওয়াংচুক। তিনি আরব বসন্তের প্রতিবাদ ও নেপালের জেন-জি বিক্ষোভের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করছেন বলে দাবি করা হয় বিবৃতিতে। ওয়াংচুক যদিও সব সময়ই বলেছেন, সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দাবিতে কান না দেয় তবে যুবকদের মধ্যে সহিংস মনোভাবের জন্ম হতে পারে, তবে তিনি কখনোই সহিংসতার পক্ষে সওয়াল করেননি।

লাদাখের তরুণদের মূল দাবি কী?

২০১৯ সালে মোদি সরকার একতরফাভাবে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। বিভক্ত হওয়ার আগে এই রাজ্যে কাশ্মীর উপত্যকা, জম্মু এবং লাদাখ এই তিনটি অঞ্চল ছিল, যেখানে লাদাখে মুসলিম ও বৌদ্ধরা জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ করে ছিল।

মোদি সরকার তখন রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে: একটি আইন পরিষদসহ জম্মু ও কাশ্মীর, এবং অন্যটি আইন পরিষদবিহীন লাদাখ। উভয়ই কেন্দ্রীয়ভাবে শাসিত হলেও, জম্মু ও কাশ্মীরের একটি আইন পরিষদ আছে, যা স্থানীয় নেতাদের নির্বাচন করার সুযোগ দেয়। লাদাখের স্থানীয়দের অভিযোগ, তাদের সেই সুযোগটুকুও নেই।

ষষ্ঠ তফসিল ও বেকারত্বের ক্ষোভ

ছয় বছর আগে রাজ্যের মর্যাদা চলে যাওয়ায় লাদাখিরা এখন আমলাদের শাসনের অধীনে রয়েছেন। লাদাখের ৯০ শতাংশেরও বেশি মানুষ তফসিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত। এই কারণে তারা ভারতের সংবিধানে ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। ষষ্ঠ তফসিল এমন অঞ্চলগুলোতে স্বায়ত্তশাসিত প্রশাসন ও শাসন কাঠামো সরবরাহ করে যেখানে স্বীকৃত আদিবাসী সম্প্রদায়ের আধিপত্য রয়েছে।

তবে মোদি সরকার এখন পর্যন্ত লাদাখের জন্য রাজ্যের মর্যাদা বা ষষ্ঠ তফসিলের সুরক্ষা কোনোটিরই অনুমোদন দেয়নি।

জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে লাদাখিদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়েছে, কারণ পূর্বে একীভূত থাকা অঞ্চলে বেশিরভাগ চাকরি সেখানেই ছিল। এছাড়া, বাসিন্দারা অভিযোগ করেন, সরকার সরকারি চাকরির জন্য স্পষ্ট নিয়োগ নীতিও তৈরি করেনি।

ওয়াংচুক বুধবার বলেন, তরুণ বিক্ষোভকারীরা পাঁচ বছর ধরে বেকার, আর লাদাখ সাংবিধানিক সুরক্ষা পাচ্ছে না। এটাই সমাজে সামাজিক অস্থিরতার রেসিপি: যুবকদের বেকার রাখা এবং তারপর তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া।

লাদাখের সাক্ষরতার হার ৯৭ শতাংশ, যা ভারতের জাতীয় গড় (প্রায় ৮০ শতাংশ)-এর থেকে অনেক বেশি। তবে ২০২৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, লাদাখের স্নাতকদের মধ্যে ২৬.৫ শতাংশ বেকার, যা জাতীয় গড়ের দ্বিগুণ।

লেহ-এর শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদ বলেন, গত ছয় বছরে লাদাখিরা তাদের পরিচয়ের ঝুঁকির বিষয়টি বুঝতে পেরেছে। তারা ছয় বছর আগে কেড়ে নেওয়া অধিকার ফিরিয়ে আনার বিষয়ে অনড়।

তিনি আরও বলেন, তরুণদের এই ক্ষোভ বিশেষ উদ্বেগের কারণ, কারণ তারা অধৈর্য। তারা বছরের পর বছর ধরে সমাধানের অপেক্ষায় আছে। এখন, তারা হতাশ কারণ তারা নিজেদের জন্য কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।

কেন লাদাখ এত গুরুত্বপূর্ণ?

লাদাখ ভারতের হিমালয় সীমান্তে অবস্থিত এবং চীনের সঙ্গে এর ১ হাজার ৬০০ কিলোমিটার (৯৯৪ মাইল) সীমান্ত রয়েছে। এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ পর্বত পাস, বিমানঘাঁটি এবং সরবরাহ রুটগুলোর সঙ্গে সংযুক্ত, যা চীন-ভারত সংঘাতের ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২০ সালে চীনা অনুপ্রবেশের পর ভারত ও চীনের সেনারা পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-এ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সেই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হন। এই সংঘাত উভয় পক্ষের হাজার হাজার সেনা মোতায়েন, ভারী অস্ত্রশস্ত্র ও অবকাঠামো উচ্চ-উচ্চতার পোস্টে স্থানান্তরের সূচনা করেছিল। এরপর থেকে লাদাখ ভারত-চীন সীমান্ত উত্তেজনার কেন্দ্র হয়ে রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ওয়াহিদ মনে করেন, মোদি সরকারের ২০১৯ সালের পদক্ষেপ এখন লাদাখে একটি নতুন অভ্যন্তরীণ হুমকি তৈরি করেছেন, যা ভারতকে তাড়া করছে। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীরকে ‘অসন্তোষের কেন্দ্র’ হিসেবে মোকাবিলা করেছে। এখন তাদের লাদাখকেও মোকাবিলা করতে হচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে