দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর এএইচ-১এস কোবরা নামে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় গাপিয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর দুই ক্রু সদস্যকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্রশিক্ষণের সময় ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণ পদ্ধতির অনুশীলন করা হচ্ছিল। ঘটনার পরপরই সেনাবাহিনী সব এএইচ–১এস হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে একটি জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে।









