আফগানিস্তানের সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। রবিবার বিকাল ৩টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়ে কয়েক মিনিট ধরে চলে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং আশকাশাম থেকে ৩৯ কিলোমিটারজুড়ে।

ইউরোপীয়ান মেডিটারানিয়ান সেইসমোলজিকাল কেন্দ্রের তথ্য মতে, ভূমিকম্পের প্রভাব বেশি ছিল কেন্দ্রস্থল থেকে ২০০ কিলোমিটার এলাকাজুড়ে।
ভূমিকম্পে পাকিস্তানে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, পেশাওয়ার, চিত্রল, সোয়াত, গিলগিট, ফয়সালাবাদ ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। কাবুল ও ইসলামাবাদে কয়েক মিনিট ধরে ভবন কেঁপে ওঠলে লোকজন রাস্তায় নেমে আসে। পুরো উত্তরাঞ্চল ও সেন্ট্রাল পাকিস্তানেও একই ধরনের খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপন কর্তৃপক্ষের মুখপাত্র ওমর মোহাম্মদি জানান, ক্ষয়-ক্ষতির তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি, তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের রাজধানী দিল্লি, কাশ্মির ও উত্তরাখণ্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই সতর্কতা হিসেবে দিল্লির রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হিন্দুকুশ ভূমিকম্প প্রবন এলাকা। ২০১৫ সালের ২৬ অক্টোবর সাড়ে সাত মাত্রার ভূমিকম্পে তিনশতাধিক মানুষ নিহত ও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভেঙে পড়েছিল। মাত্র এক দশক আগে পাকিস্তানের উত্তরাঞ্চলের আরেকটি এলাকায় ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৭৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছিল। সূত্র: এনডিটিভি।
/এএ/








