কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অমানুষিক নির্যাতন এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য দেশটির সামরিক নেতৃত্বাধীন ব্যবস্থাকে দায়ী করেছেন তার জ্যেষ্ঠ পুত্র সুলেমান ঈসা খান। ইমরানের অবৈধ আটকাদেশ এবং শারীরিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে সুলেমান ঈসা খানের সঙ্গে তার ভাই কাসিম খান, আন্তর্জাতিক আইনি পরামর্শক জ্যারেড জেনসার এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সায়েদ বুখারি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুলেমান বলেন, আমাদের বাবার ওপর নির্যাতন ও অন্যায়ভাবে আটকে রাখার পেছনে সেনাবাহিনীর প্রভাব সুস্পষ্ট। এতে কোনও সন্দেহ নেই যে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা এর সঙ্গে জড়িত।
ইমরান খানের আন্তর্জাতিক আইনি পরামর্শক জ্যারেড জেনসারও পাকিস্তানের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। এর জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে একনায়কতান্ত্রিক শাসন পরিচালনার জন্য অভিযুক্ত করে জেনসার বলেন, ইমরান খান ও তার স্ত্রীর প্রতি সরকারের যে আচরণ, তা কোনও সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদেশ দেন যে, বন্দি অবস্থায় চিকিৎসাসেবা ও মানবিক আচরণ পাওয়া একজন বন্দির সাংবিধানিক অধিকার। তাই ইমরান খানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন আদালত।
তবে সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও গত ২২ আগস্ট শনিবার ইমরান খানকে শিফা হাসপাতালে স্থানান্তরের বদলে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়। সেখানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়, যার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইমরান খানের দল পিটিআই। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দলটি। অবশ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, শিফা হাসপাতালের বাইরে পিটিআই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিআইএমএসে শারীরিক পরীক্ষার সময় ইমরানের বোন উজমা খান উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, ইমরান খানকে দেখে শারীরিকভাবে সুস্থ মনে হলেও তিনি বারবার জানিয়েছেন যে কারাগারে তাকে চরম নির্যাতন করা হচ্ছে।
ইমরান খানের ওপর নির্যাতন ও এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমানে পুরো পাকিস্তানে চরম উত্তপ্ত পরিস্থিতি ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্র: উইয়ন নিউজ

‘বিশ্বের সেরা’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, কী আছে এটিতে?
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়







