পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও রাজধানী অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আন্দোলন ঠেকাতে শুক্রবার ইসলামাবাদে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন, মহাসড়ক বন্ধ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইমরান খানের চিকিৎসা ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ কর্মসূচির ঘোষণা দেয় পিটিআই। ২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। শুক্রবার পিটিআই নেতারা জানান, রাজধানীমুখী পদযাত্রা শুরু হবে ৪ অক্টোবর। এর আগে ২৭ সেপ্টেম্বর এ কর্মসূচি শুরুর কথা ছিল। সরকারকে আরও চাপে ফেলতেই কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা।
ইমরানের নিজ প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি বলেছেন, ইমরানের কারাবন্দি অবস্থার উন্নতি এবং তার মামলাগুলোর ন্যায়সংগত শুনানিসহ গুরুত্বপূর্ণ দাবিতে সরকার ছাড় না দিলে পদযাত্রা হবে। তার নেতৃত্বাধীন প্রদেশ থেকেই হাজারো সমর্থক রাজধানীর উদ্দেশে রওনা হওয়ার কথা।
আফ্রিদি বলেন, ইসলামাবাদ অবরুদ্ধ করে সরকার আতঙ্কের প্রমাণ দিয়েছে। তবে ইমরান খান এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং জনগণ রাস্তায় নেমে এলে তাদের ঠেকানো সম্ভব হবে না বলেও দাবি করেন তিনি।
এদিকে সংঘাতের আশঙ্কায় সরকার খাইবার পাখতুনখাওয়ায় হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের সঙ্গে ইসলামাবাদের প্রধান মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের কয়েক ডজন নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে বা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ইমরানের তিন বোনকেও সোমবার গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরির অভিযোগে তাদের কারাগারে রাখা হয়েছে। একই সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে ইসলামাবাদের বিভিন্ন সড়কে এক হাজারের বেশি কনটেইনার বসানো হয়েছে। কোথাও কোথাও বালুর বস্তা দিয়ে সড়ক ও সেতু বন্ধ করা হয়েছে।
ইসলামাবাদে জনসমাবেশ নিষিদ্ধ করে ২২ হাজার পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার। এতে রাজধানীর ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। ৭৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যবসায়ী শাহিদ বলেন, পুরো শহর দুর্ভোগে পড়েছে; বেকারত্ব, মূল্যস্ফীতি ও নিরাপত্তাহীনতায় মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে।
খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি সরকারের পদক্ষেপকে সতর্কতামূলক বলে দাবি করেছেন। পিটিআই অস্থিতিশীলতা ও সহিংসতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, কোনও সহিংস গোষ্ঠীকে ইসলামাবাদের দিকে পদযাত্রা করতে দিতে পারে না রাষ্ট্র।
অন্যদিকে পিটিআইয়ের দাবি, ইমরানকে একাকী কারাবাসে রাখা হয়েছে এবং কয়েক মাস ধরে পর্যাপ্ত চিকিৎসা, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করেই তাকে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ তার।
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প