বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭

বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে যেন ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। মাঠের পারফরম্যান্স নিয়ে সংক্ষিপ্ত মন্তব্যের পরই সাফের আইন বিভাগের প্রধান তানজিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। ২০২১ ও ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ঘটনা টেনে এনে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন। এমনকি ‘কেয়ামতের দিন আল্লাহর দরবারে বিচার’ চাওয়ার কথাও বলেছেন এই কোচ।

বুধবার বাংলাদেশের কাছে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কুয়েতি কোচ মুতাইরি বলেন, ‘আজকের দিনটা আমাদের ছিল না। বাংলাদেশকে অভিনন্দন। অভিনন্দন ভুটান, ভারত ও মালদ্বীপকেও। এবার চলুন উপভোগ করা যাক।’

এরপরই সাফের আইন বিভাগের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুতাইরির দাবি, ম্যাচের আগের রাতে তাকে ইমেইল করে তদন্তের কথা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সাফের লিগ্যাল ডিপার্টমেন্টের প্রধানকেও অভিনন্দন। উনি মধ্যরাতে আমাকে বার্তা পাঠিয়েছেন যে আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মধ্যরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।’

নিজের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির প্রসঙ্গ তুলে মুতাইরি বলেন, তাকে ছয় মাস বা এক বছরের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে। অথচ তার দাবি, সংবাদ সম্মেলনে তিনি কোনও আক্রমণাত্মক বা অসম্মানজনক ভাষা ব্যবহার করেননি। রেফারিং নিয়ে সমালোচনা এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চালুর দাবি জানিয়েছিলেন মাত্র।

২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচের একটি ঘটনা সামনে এনে সাফের দ্বৈত নীতির অভিযোগ করেন মুতাইরি। তার দাবি, ওই ম্যাচে ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি। একই প্রতিযোগিতায় ভারতের কোচ লাল কার্ড দেখার পরও তাকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। পরবর্তী সময়ে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরিমানা করা হয়েছিল ৫০০ ডলার।

মুতাইরির প্রশ্ন, ‘ভারতের কোচ পাকিস্তানের খেলোয়াড়ের গায়ে হাত দিলেন, তখন কোনো সমস্যা হলো না। অথচ আমার সামান্য কিছু কথার জন্য আমাকে ছয় মাস বা এক বছরের নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে। কেন এই দ্বৈতনীতি?’

২০২১ সালের সাফের ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন শ্রীলঙ্কার কোচ। তাঁর অভিযোগ, দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে তাকে ফাইনালে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান নেই বলে দাবি তাঁর।

মুতাইরি বলেন, ‘২০২১ সাফেও উনি লিগ্যাল হেড ছিলেন। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে আমাকে ফাইনাল থেকে নিষিদ্ধ করেছিলেন। প্রতিযোগিতার বাই-লজে যদি এমন একটি ধারাও খুঁজে পান, যেখানে দুটি হলুদ কার্ডের কারণে কোনো অফিশিয়ালকে নিষিদ্ধ করার কথা বলা আছে, তাহলে আমি ফুটবল কোচিং ছেড়ে দেব।’

২০২৩ সালের সাফ আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুতাইরির দাবি, আয়োজক হওয়ার জন্য আবেদন করেছিল একমাত্র নেপাল। কিন্তু স্পনসর প্রতিষ্ঠানের শর্তের কারণে শেষ পর্যন্ত ভারতকে আয়োজক করা হয়। এ প্রসঙ্গে সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের বক্তব্যও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে সাফের আইন বিভাগের প্রধানের পাঠানো একটি ইমেইলের অংশ পড়ে শোনান মুতাইরি। তার দাবি, ওই ইমেইলে স্বীকার করা হয়েছে, তিনি নির্দিষ্ট কিছু রেফারিং সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং ভিএআর চালুর দাবি জানিয়েছেন। তবে তার বক্তব্য বাংলাদেশ বা সাফের বিরুদ্ধে ছিল না। আয়োজক হিসেবে বাংলাদেশের প্রতি বাড়তি পক্ষপাতিত্বেরও কোনো উদ্দেশ্য ছিল না।

এই ইমেইলের বক্তব্য তুলে ধরে মুতাইরির প্রশ্ন, ‘যদি আমি কোনো আক্রমণাত্মক বা অসম্মানজনক ভাষা ব্যবহার না করে থাকি, তাহলে মধ্যরাতে আমাকে চিঠি পাঠানো হলো কেন?’

সাফের আইন বিভাগের প্রধান তানজিমের উদ্দেশে আরও কঠোর মন্তব্য করেন তিনি। বলেন, ‘যখন হাশরের ময়দানে আল্লাহর সামনে আমি আর আপনি মুখোমুখি দাঁড়াব, তখন আপনি কোথায় পালাবেন? সেখানে কেউ থাকবে না। কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আপনার বিরুদ্ধে ফরিয়াদি হব।’

শ্রীলঙ্কার কমিটির প্রতিনিধির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুতাইরি। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট বিষয়ে শ্রীলঙ্কার প্রতিনিধির আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে ইমেইলে জানানো হয়েছে। অথচ বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে এমন বাধা নেই। এ ছাড়া তাঁকে পাঁচ থেকে দশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলে তিনি ১৪ দফা উল্লেখ করে ইমেইলের জবাব দেন বলেও জানান।

এরপর ২০২১ সালের আরেকটি ঘটনার কথা উল্লেখ করে মুতাইরি বলেন, সে সময় আনোয়ারুল হক তাঁকে জানিয়েছিলেন, প্রতিযোগিতার নিয়মে ভুল হয়েছে এবং তাকে ফাইনালে মাঠে না আসার অনুরোধ করেছিলেন। এবার অবশ্য বিষয়টিকে আর নিছক ভুল হিসেবে দেখতে রাজি নন তিনি।

মুতাইরি বলেন, ‘তারা চাইলে আমাকে দুই বা তিন বছরের জন্য নিষিদ্ধ করতে পারে। তাতে আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে চমৎকার ছুটি কাটানোর সুযোগ হবে। আমি কয়েক ঘণ্টার মধ্যে অথবা আগামীকাল আমার ফেসবুকে সব প্রমাণ প্রকাশ করবো।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকের প্রশ্ন ছিল, সেমিফাইনালে ওঠার প্রত্যাশা ছিল কি না এবং ৪-০ গোলের হার কতটা অপ্রত্যাশিত। জবাবে মুতাইরি বলেন, ফুটবলে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। তবে তার দাবি, সাফের আইন বিভাগের প্রধানের ইমেইল পাওয়ার পর থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, তাদের হারতে হবে।

তিনি বলেন, ‘সত্যি বলতে, ওই ইমেইল পাওয়ার পর থেকেই আমি জানতাম যে আমরা হারতে যাচ্ছি। কারণ আমরা তো আর বিশ্বকাপ খেলিনি।’

বিশ্বকাপের উদাহরণ টেনে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়ার সঙ্গেও সাফের আচরণের তুলনা করেন তিনি। তার অভিযোগ, প্রতিযোগিতা চলাকালে তাকে লক্ষ্য করে এমন পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।

তবে সব অভিযোগ ও ক্ষোভের মধ্যেও সংবাদ সম্মেলনের শেষ বক্তব্যে নিজের দলের প্রতি গর্বের কথা জানান মুতাইরি। বলেন, ‘আমি আমার  দলের জন্য গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’
বাংলাদেশের কাছে হারের পর মুতাইরির বিস্ফোরণ, ‘মধ্যরাতের মেইলেই বুঝেছিলাম আমরা হারতে যাচ্ছি’
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন