পাকিস্তানের করাচিতে এ বছর দ্বিতীয় দফায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। বুধবার দুপুরে ওরাঙ্গি শহরে একটি পোলিও টিকাকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে ৭ পুলিশ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ পুলিশ পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। এ ঘটনার পর করাচিতে পোলিও কর্মীরা টিকা খাওয়ানো কর্মসূচি বন্ধ করে দিয়েছেন। এরআগে চলতি বছরের জানুয়ারিতে কোয়েটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পোলিও টিকা কেন্দ্রে বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন: কোহিনূর নিয়ে ভারতের সুর বদল!
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম পাকিস্তান ট্রিবিউন জানায়, দুটি পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। প্রথমে ৮ মোটরসাইকেল আরোহী টিকা খাওয়ানোর তিন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই ৩ পুলিশ নিহত হন। এরপর দ্বিতীয় দফায় একটি পুলিশ ভ্যানে থাকা আরও ৪ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আরও ৪ পুলিশ নিহত হন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হত্যকারীদের বিষয়ে তথ্য দিতে পুলিশ ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। আর নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪
উল্লেখ্য, পাকিস্তানের ইসলামি জঙ্গিরা পোলিও টিকা কর্মসূচির ঘোর বিরোধী। তারা দাবি করেন, এই টিকা কর্মসূচি পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে এটা পশ্চিমা ষড়যন্ত্র। তবে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিন্ধু পুলিশের মহাপরিদর্শক এডি খাজা অঙ্গীকার করেন, যে কোনও মূল্যে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। পোলিও কর্মীদের জন্য নিরাপত্তা আরও বাড়ানো হবে।
বর্তমানে বিশ্বে পাকিস্তান ও আফগানিস্তানে এখনও পোলিও রোগের ভয়াবহতা বিদ্যমান। এই দুই দেশে ২০১২ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত পোলিও টিকা কর্মসূচি বাস্তবায়নের সময় অন্তত ৮০জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইকুয়েডরের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮০: জীবিত উদ্ধারের আশা ছেড়ে চলছে মরদেহের খোঁজ
পাকিস্তানে ১৯৯৯ সালের পর ২০১৪ সালে সর্বোচ্চ ৩০০ পোলিও রোগী শনাক্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জঙ্গি অধ্যুষিত উত্তর-পশ্চিম পাকিস্তান। এসব স্থানে জঙ্গিরা নিয়মিত স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ২০১৪ সালে পোলিও কর্মীদের ওপর বেশ কয়েকটি ভয়াবহ হামলার কারণে পোলিও রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। ২০১৫ সালে পাকিস্তানে পোলিও আক্রান্তের সংখ্যা ৫২ নেমে আসে। জঙ্গি অধ্যুষিত এলাকাগুলো পোলিও টিকা খাওয়ানোর ফলে ওই সুফল পাওয়া যায়। সূত্র: বিবিসি।
/এএ/বিএ/







