রাশিয়ার কাছ থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে সরবরাহের জন্য তুরস্ককে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ কথা বলেছেন।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এই অস্ত্র কেনার কারণে তুরস্ককে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল এই অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বা ইউক্রেনসহ অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র বলেছিল ইউক্রেনে এস-৪০০ পাঠাতে। আমরা না বলেছি।
মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তুর্কি মন্ত্রী বলেন, আমাদের কাছে এই প্রস্তাব অগ্রহণযোগ্য ছিল। কারণ এতে তুরস্কের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
তুর্কি কর্মকর্তারা দাবি করে আসছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে আঙ্কারা। এতে কোনও দেশের হস্তক্ষেপের সুযোগ নেই।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ব্যর্থ হয়ে রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কিনেছিল তুরস্ক। মার্কিন কর্মকর্তারা এগুলো মোতায়েনের বিরোধিতা করেছিলেন। তাদের দাবি, এগুলো ন্যাটো ব্যবস্থার সঙ্গে খাপ খাবে না।
এর আগে ২০২২ সালের মার্চ মাসে রয়টার্স মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছিল, ইউক্রেনকে তুরস্কের কাছে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি দেওয়া যায় কিনা, তা অনানুষ্ঠানিকভাবে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র। যদিও এই বিষয়ে আঙ্কারার কাছে কোনও আনুষ্ঠানিক বা রাষ্ট্রীয় অনুরোধ জানানো হয়নি। মাসের শুরুতে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরে বিষয়টি উঠে এসেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি








