ইউক্রেনের রাজধানী কিয়েভে দিবালোকে দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ)-এর একজন কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। ১০ জুলাই শহরের দক্ষিণাঞ্চলীয় হোলোসিভস্কি জেলার একটি আবাসিক ভবনের পার্কিং লটে এ ঘটনা ঘটে। হত্যাকারী পায়ে হেঁটে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। নিহত ব্যক্তি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর একজন কর্নেল ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিন্স পরা এক ব্যক্তি আবাসিক ভবন থেকে বেরিয়ে পার্কিংয়ে যাওয়ার সময় আরেকজন এসে তার দিকে বারবার গুলি ছুড়ে পালিয়ে যায়।
রয়টার্স নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি কিয়েভেরই এবং এতে দেখা গেছে এলাকাটি, গার্ড বক্স ও পার্কিং লট স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলে যাচ্ছে। ফুটেজের টাইমস্ট্যাম্প এবং ঘটনাটি নিয়ে অনুসন্ধানের ভিত্তিতে ভিডিওর তারিখও নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদা এক প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী একটি পিস্তল থেকে পাঁচটি গুলি চালান। নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে কর্নেল ইভান ভোরোনিচ হিসেবে।
এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। গোয়েন্দা সংস্থা ও জাতীয় পুলিশ ঘটনাটির সবদিক তদন্ত করছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে একযোগে কাজ করছে।
হত্যার কারণ সম্পর্কে এসবিইউ বা পুলিশ এখনও কিছু জানায়নি।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালানোর পর এসবিইউ শুধু নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা নজরদারিতেই নয়, মস্কোর বিরুদ্ধে বিশেষ অভিযান, অন্তর্ঘাত এবং সীমান্তের পেছনে গুপ্তহত্যায়ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এসবিইউ ইউক্রেনের সবচেয়ে বড় অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। এতে হাজার হাজার কর্মী নিয়োজিত রয়েছে।









