ব্রিটিশ-বাংলাদেশি নারীদের সাফল্যের তুলনায় পুরুষরা কেন পিছিয়ে?

লন্ডন প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ২৩:১৫আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮:২০

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের নারীরা গত তিন দশকে অভাবনীয় অগ্রযাত্রার স্বাক্ষর রেখেছেন। শিক্ষা, পেশা, রাজনীতি ও উদ্যোক্তাপনার বিভিন্ন ক্ষেত্রে এই নারীরা শুধু নিজেদের সীমানা অতিক্রম করেননি, বরং পুরো জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বও করেছেন এক নতুন উচ্চতায়। তবে এই উত্থানের বিপরীতে, একই সম্প্রদায়ের পুরুষরা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাধার কারণে একটি ভিন্ন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।

১৯৯০-এর দশক থেকে ব্রিটিশ-বাংলাদেশি মেয়েরা তাদের শ্বেতাঙ্গ ও মুসলিম পুরুষ সহপাঠীদের ছাড়িয়ে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী, ২১ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশ-মুসলিম নারীদের মধ্যে ২৫ শতাংশ ডিগ্রিধারী, যেখানে পুরুষদের হার ২২ শতাংশ।

এই অর্জন আসেনি অনুকূল পরিবেশে। ভাষাগত বাধা, আর্থিক সীমাবদ্ধতা, সাংস্কৃতিক চাপ—সব কিছু উপেক্ষা করে ব্রিটিশ-বাংলাদেশি নারীরা প্রতিযোগিতার মাঠে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তথাকথিত ‘উচ্চতর মানের’ বিশ্ববিদ্যালয়ে কম উপস্থিতি এবং তুলনামূলকভাবে বেশি ড্রপআউট হার সত্ত্বেও, তাদের সংকল্প প্রশ্নাতীত।

শুধু শিক্ষাতেই নয়, কর্মক্ষেত্রেও এই নারীরা দৃষ্টান্ত স্থাপন করছেন। আইন, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি, ব্যবসা, এমনকি রাজনীতিতেও দেখা যাচ্ছে তাদের শক্তিশালী উপস্থিতি।

২০২২ সালে পাকিস্তানি ও বাংলাদেশি নারীদের সম্মিলিত বেকারত্বের হার ৯ শতাংশ হলেও, কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারমান। বিশেষ করে উদ্যোক্তাপনায় বাংলাদেশি নারীরা চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন। ২০০৭ সালের জরিপ অনুযায়ী, ২০ শতাংশ বাংলাদেশি নারী নিজেই ব্যবসার মালিক হতে চান—যা শ্বেতাঙ্গ নারীদের তুলনায় দ্বিগুণের কাছাকাছি।

যুক্তরাজ্য সরকারের ‘শি ট্রেডস’ প্রোগ্রামে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল এ প্রবণতার আরেকটি শক্তিশালী উদাহরণ।

ব্রিটিশ পার্লামেন্টে এখন পর্যন্ত নির্বাচিত চারজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সবাই নারী—রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম।

পুরুষদের অনুপস্থিতি এই ক্ষেত্রে একটি স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে। যদিও স্কটল্যান্ডের রাজনীতিতে ফয়সল চৌধুরী সক্রিয় রয়েছেন। তবে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নন।

নারীদের এই রাজনৈতিক সম্পৃক্ততা সমাজের বৃহত্তর পরিবর্তনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিচ্ছবি।

ব্রিটিশ-বাংলাদেশি পুরুষদের চ্যালেঞ্জ

বিপরীতে, ব্রিটিশ-বাংলাদেশি পুরুষদের অনেকেই এখনও ‘ডেলিভারি’, রেস্টুরেন্ট ও অদক্ষ খাতেই সীমাবদ্ধ রয়েছেন। ২০০২-০৩ সালে ১৮ শতাংশ বাংলাদেশি পুরুষ ছিলেন বেকার, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে এই হার ছিল মাত্র ৫ শতাংশ।

এমনকি যারা কর্মরত, তারাও প্রায়শই ন্যূনতম মজুরির নিচে কাজ করেন, শ্রমবাজারে বর্ণবাদের শিকার হয়ে ভোগেন। অনেকেই সম্প্রদায়ভিত্তিক ব্যবসায় নিযুক্ত হলেও, শ্রমিক অধিকারের সুরক্ষার অভাব এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের অবস্থানকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

আরও উদ্বেগজনক চিত্র দেখা গেছে মানসিক স্বাস্থ্য খাতে। এনএইচএস-এর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ সালে মাত্র ৩ হাজার ৭৩১ জন বাংলাদেশি পুরুষ ‘টকিং থেরাপি’ পরিষেবায় রেফার হয়েছেন। যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের সংখ্যা ১১ লাখেরও বেশি। রেফার হওয়ার পরেও বাংলাদেশি পুরুষদের চিকিৎসা বন্ধ করার হার সর্বোচ্চ।

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে পুরুষদের মধ্যে সামাজিক অনীহা এবং ‘দায়িত্ববান উপার্জনকারী’ হয়ে ওঠার চাপ অনেককেই নিঃসঙ্গ করে তোলে। ভাষাগত অসুবিধা, সাধারণ চিকিৎসকদের প্রতি অবিশ্বাস ও লোক-লজ্জার ভয় এই সমস্যাকে আরও জটিল করে তোলে।

২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজারের বেশি। নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও, তাদের বাস্তবতা ভিন্ন। নারীদের অগ্রগতি যেমন প্রেরণাদায়ক, তেমনি পুরুষদের বিভিন্নমুখী সংগ্রাম উদ্বেগজনক।

সামগ্রিকভাবে, এই পরিস্থিতি একটি বাস্তব বার্তা দিচ্ছে যে—নারীদের কৃতিত্ব উদযাপনের পাশাপাশি, পুরুষদের প্রতিকূলতা চিহ্নিত করে তার টেকসই সমাধান প্রয়োজন। শ্রমবাজারে সমান সুযোগ, মানসিক স্বাস্থ্য সহায়তা, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ এবং সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলা সময়ের দাবি।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে