ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবিই (৫৪) গুলিতে নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দেশটির প্রসিকিউটর জেনারেলের দফতর নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, অজ্ঞাত হামলাকারী পারুবিইর ওপর একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির পর হামলাকারী পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘লভিভে ভয়াবহ হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আন্দ্রি পারুবিই নিহত হয়েছেন।
তিনি পারুবিইর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকারীকে ধরতে সব কিছু করা হচ্ছে বলে উল্লেখ করেছেন।
দেশটির পুলিশ জানিয়েছে, লভিভে দুপুর ১২টার দিকে (গ্রিনিচ সময় সকাল ৯টা) এ গুলির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও হামলাকারীর পরিচয় বা হত্যার মোটিভ প্রকাশ করেনি।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, ‘দেশ যুদ্ধে লিপ্ত। নিরাপত্তার জন্য কোথাও শতভাগ নিশ্চয়তা নেই। হত্যাকারীকে খুঁজে বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’
আন্দ্রি পারুবিই ইউক্রেনের রাজনীতিতে পরিচিত এক মুখ ছিলেন। ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত তিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন। ২০১৩-১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের সময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবিতে যেসব নেতা আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি তাদের একজন ছিলেন।
২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই সময়ই পূর্ব ইউক্রেনে লড়াই শুরু হয় এবং রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, এটি ইউক্রেনের হৃদয়ে গুলি চালানোর শামিল। আন্দ্রি ছিলেন এক মহান মানুষ এবং সত্যিকারের বন্ধু। তারা প্রতিশোধ নিচ্ছে, কারণ তার মতো মানুষকে তারা ভয় পায়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা টেলিগ্রামে এক বিবৃতিতে পারুবিইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে অসামান্য অবদান রাখা এক দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে এক্স-এ লিখেছেন, তুমি সব সময় ইউক্রেনের দেশপ্রেমিক ছিলে এবং রাষ্ট্র গঠনে বড় অবদান রেখেছো। তোমার মৃত্যু আমাদের জন্য গভীর ক্ষতি।









