জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনে গত ১৫ ফেব্রুয়ারি এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একটি আহত সামুদ্রিক পাখি নিজেই সাহায্য চাইতে হাসপাতালের জরুরি বিভাগের দরজায় নক করে তার অসহায়ত্ব প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম এপি নিউজের এক প্রতিবেদনে ঘটনাটি উঠে এসেছে।
ক্লিনিকাম লিঙ্কস ডের ওয়েসার হাসপাতালের কাঁচের দরজায় এক কালো কৌরমোরান নামের জলচর পাখি বারবার ঠকঠক করে জরুরি বিভাগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাখিটিকে দেখে তারা বুঝতে পারেন তার ঠোঁটে তিনটি কাঁটাযুক্ত বড়শি আটকে গেছে।
চিকিৎসকরা পাখিটিকে ধরে নিজ হাতে সাহায্য করার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় ব্রেমেন দমকল বিভাগে ফোন করা হয়। দমকলকর্মী ও হাসপাতালের স্টাফরা মিলিয়ে হুকটি সাবধানে তুলে দেন এবং পাখিটির ক্ষত সারিয়ে তোলেন। পরে তাকে হাসপাতালের পার্কে ছেড়ে দেওয়া হয়।
দমকল বিভাগের বিবৃতিতে বলা হয়, মানুষের কাছে সাধারণত এই পাখিটি যায় না। এই পাখিটি তখনই মানুষের কাছে যায়, যখন সে চরম বিপদে পড়ে এবং তার ভয় কাটাতে বাধ্য হয়। কৌরমোরান একটি বড় সামুদ্রিক পাখি, যার লম্বা ঘাড় ও ধারালো ঠোঁট থাকে। তাই হুক আটকে থাকা অবস্থায় খাবার খাওয়া ও বাঁচা কঠিন হয়ে পড়তে পারে এসব পাখির।









