ইতালির মিলান শহরটি মূলত ফ্যাশন, শিল্পকলা এবং বিশ্বমানের কফির জন্য পরিচিত। কিন্তু এই ব্যস্ত শহরের অলিগলিতেই লুকিয়ে রয়েছে গা ছমছমে এক ভিন্ন দৃশ্য। সান বার্নার্দিনো আল্লে অসা নামে একটি গির্জার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে মেঝে থেকে ছাদ পর্যন্ত দেয়ালজুড়ে সাজানো মানুষের হাড় ও খুলি!
ধারণা করা হয়, অদ্ভুত এই গির্জাটিতে প্রায় তিন হাজার মানুষের শরীরের অবশিষ্টাংশ সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে এটি মূলত একটি হাড়ের ঘর হিসেবে নির্মিত হয়েছিল। স্থানীয় কবরস্থানগুলোতে জায়গা সংকট দেখা দিলে নতুন কবর দেওয়ার সুবিধার্থে পুরোনো কঙ্কালগুলো সরিয়ে এই ভবনে রাখা শুরু হয়।
এর কয়েকশ বছর পর এই কঙ্কালগুলো এক নতুন রূপ পায়। কেবল জমা করে না রেখে হাড় ও খুলি দিয়ে পুরো গির্জাটির ভেতরের দেয়াল সুসজ্জিত করা হয়, যার ফলে এটি ‘হাড়ের চ্যাপেল’ নামে পরিচিতি লাভ করে।
দেয়ালজুড়ে কঙ্কালের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে জটিল ও নান্দনিক সব নকশা। শুধু ক্রস চিহ্নগুলো তৈরি করতেই ব্যবহার করা হয়েছে শত শত খুলি। এই দৃশ্য যেমন বিস্ময়কর, তেমনই কিছুটা গা ছমছমে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা অনন্য এই চ্যাপেলটি দেখতে মিলানে আসেন। অপ্রত্যাশিত উপাদান দিয়েও যে ইতিহাসের অবিস্মরণীয় সব সৃষ্টি তৈরি করা সম্ভব, এই চার্চটি তারই এক অনন্য নিদর্শন।
সূত্র: রিপলি’স
কংগ্রেস কার দখলে যাবে, তা জানা যাবে কখন?