শ্রমিক অসন্তোষে দেশের তৈরি পোশাকশিল্পের অস্থিরতা আরও বাড়ছে। কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ না নেওয়া, হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাওয়া এবং বিরতির পর কাজে না ফেরার ঘটনায় বুধবার (১১ নভেম্বর) এক দিনেই প্রায় ১৫০টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের কাজে অংশ না নেওয়া কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ভাবছেন মালিকরা। আইনের এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে কার্যকর হবে ‘কাজ নেই তো বেতন নেই’ নীতি। অর্থাৎ, কারখানা বন্ধ থাকার সময় শ্রমিকরা মজুরি পাবেন না।
বুধবার (১১ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে এক বৈঠকে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা এ বিষয়ে অনুমতি চান। বৈঠকে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার বেশিরভাগ কারখানার মালিক উপস্থিত ছিলেন। তবে পরিস্থিতি আরও এক দিন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।
মালিকদের দাবি, কয়েক দিন ধরে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন স্বাভাবিক রাখা যাচ্ছে না। অনেক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পরই বেরিয়ে যাচ্ছেন। কোথাও আবার দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা আর কাজে ফিরছেন না। এতে কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দিনের পর দিন এমন পরিস্থিতি চলতে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। বুধবারও শ্রমিকরা কাজে যোগ দিয়ে বেরিয়ে যাওয়ায় প্রায় ১৫০টি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন ব্যাহত হওয়ায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’’
তিনি বলেন, ‘‘বুধবারের বৈঠকেও কয়েকজন মালিক শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অনুমতি চেয়েছেন। তবে বিজিএমইএর পক্ষ থেকে তাদের আরও এক দিন ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে কয়েকটি কারখানা ইতোমধ্যে এ ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে।’’
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। বোর্ডের প্রথম বৈঠকেই আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। তবে মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পরও শ্রমিক অসন্তোষ কমেনি।
শিল্পসংশ্লিষ্টদের মতে, উৎপাদন বন্ধ থাকা বা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন চাপ তৈরি করছে। এতে শ্রমিকদের আয় ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানার উৎপাদন, ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ এবং রফতানি কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন এ পরিস্থিতি চললে দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।