বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় উপনিবেশ আমলে প্রচলন হওয়া সমাবর্তনের কালো পোশাক বাদ দিয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির পছন্দের ভারতীয় পোশাক পরা হচ্ছে সমাবর্তনে। সম্প্রতি মুম্বাই ইউনিভার্সিটির সমাবর্তনের পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সামলোচনার মুখে পড়েছে।
বিশ্ববিদ্যালয় তদারকি কর্তৃপক্ষ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ভারতের সবগুলো বিশ্ববিদ্যালয়কে সমাবর্তনের পোশাক হিসেবে হাতে তৈরি কাপড় ব্যবহারের নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশনার ভিত্তিতে মুম্বাই ইউনিভার্সিটি সমাবর্তনের পোশাক পরিবর্তন করেছে।
বুধবার বিশ্ববিদ্যালয়টি সমাবর্তনের কালো পোশাকের পরিবর্তে নতুন পোশাক বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যমে এই পোশাক নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, সমাবর্তন কেন বলা হচ্ছে? তাদেরকে তলোয়ার দিন এবং বলা হোক রাজ্যাভিষেক।
আরেকজন লিখেছেন, দয়া করে সমাবর্তনে সনদ দেওয়া হোক কলাগাছের পাতায়।
অনেকেই মন্তব্য করছেন, ভাগ্যিস আমি অনেক আগে মুম্বাই ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেছি।
সমাবর্তনের এই পোশাক নির্বাচন করেছে বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদ মনোনীত তিন সদস্যের একটি কমিটি। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য সমাবর্তনে এই পোশাক ব্যবহার করা হবে।







