ভারতীয় গোয়েন্দারা যতটা ভেবেছিলেন, তার চেয়েও তিনি অনেক বেশি চৌকস, অনেক বেশি ক্ষিপ্র ও মারাত্মক রকমের ধুরন্ধর। বার বার সেটা প্রমাণ করেছেন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির অন্যতম সন্ত্রাসী কাওসার আলি ওরফে বোমা মিজান।
এবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর আধিকারিকেরা জানলেন, বোমা মিজান ডেরা তৈরি করেছেন পশ্চিমবঙ্গের রাজধানী খাস কলকাতা শহরেই।
মেটিয়াবুরুজ ও তার আশপাশের কয়েকটি তল্লাট থেকে মিজানের কয়েকজন শিষ্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। মিজানের আরও দু’জন সঙ্গীকে আটক করা হয়েছে কলকাতার পাশের জেলা হাওড়া থেকে। এদের সবাইকে জেএমবির সদস্য হিসেবে মিজান নিয়োগ করেছিলেন।
আজকালের মধ্যে তাদের কয়েকজনকে সরকারিভাবে ‘গ্রেফতার’ দেখানোর কথা এনআইএর। না হলে মামলায় তাদের গুরুত্বপূর্ণ সাক্ষী করা হবে।
‘বাংলা ট্রিবিউন’- এ দেড় মাস আগেই লেখা হয়েছিল, কলকাতা শহরের আশপাশে কওসর ওরফে বোমা মিজান নিয়মিত যাতায়াত করছেন এবং এনআইএর গোয়েন্দারা তাকে ধরতে জাল পেতেছেন। এনআইএ আশাবাদী ছিল, মিজান এবার ধরা পড়বেনই। কিন্তু দেখা গেল, মিজান সেই জাল কেটেও বেরিয়ে গেছেন। কলকাতা থেকে ২২ কিলোমিটার দূরে, হাওড়ার সাঁকরাইলে মিজানের একটি ডেরার হদিস সম্পর্কে জেনে ও মিজান সেখানে আছেন বলে মোটামুটি নিশ্চিত হয়ে হানা দিয়েছিলেন এনআইএর গোয়েন্দারা। শনিবার সকালে সেখানে গিয়ে গোয়েন্দা অফিসাররা বুঝতে পারেন তাদের পৌঁছতে দেড় দিন দেরি হয়ে গিয়েছে।
দিল্লি থেকে এনআইএর এক শীর্ষ কর্মকর্তা বলছিলেন, এর আগেও কখনও বীরভূমে, কখনও বর্ধমানে মিজান আমাদের হাত ফসকে বেরিয়ে গেছেন। কিন্তু সে সব ক্ষেত্রে আমরা ওর ডেরার সন্ধান নির্দিষ্টভাবে পাইনি। শুধু একটা তল্লাট বা পাড়ার কথা জানা গিয়েছিল। এবার হাওড়ায় ওর আস্তানা বা জেএমবির শাখা অফিস পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে শুনলাম, ও দেড় দিন আগে তিনি
সেখান থেকে বেরিয়ে গেছেন। আফসোসটা যে কারণে এ বার অনেক বেশি।








