আসন্ন দুর্গাপূজায় হিন্দুদের সুরক্ষা দেওয়া নিয়ে ঢাকাকে যা বললো দিল্লি

রঞ্জন বসু, দিল্লি
০৪ অক্টোবর ২০২৪, ২২:০৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫০

বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা তথা শারদোৎসবের সময় সে দেশের সংখ্যালঘুরা যাতে উপযুক্ত সুরক্ষা পান এবং নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার-উৎসব পালন করতে পারেন, সে জন্য আনুষ্ঠানিকভাবে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানালো ভারত।

শুক্রবার বিকালে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে যে সব অপ্রীতিকর ঘটনার খবর আসছে সেগুলো কখনোই অভিপ্রেত নয়। ভারত আশা করে, এই ধরনের ঘটনা বন্ধ হবে এবং দুর্গাপূজা যে মঙ্গলের বার্তা দেয় তার আলোকে এই উৎসব আলোকিত হবে।

ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার দৃশ্য (ফাইল ছবি) এই প্রসঙ্গেই তিনি বলেন, “আমাদের প্রত্যাশা থাকবে, (বাংলাদেশ) সরকার সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের (হিন্দু) উপযুক্ত সুরক্ষা প্রদান করবে এবং এই পটভূমিতে তাদের যা যা প্রয়োজন, সেগুলো মেটাবে।”

গত কয়েক সপ্তাহে ভারত যে একাধিকবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি উত্থাপন করেছে– এমনকি দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, জয়সওয়াল সে কথাও মনে করিয়ে দেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনে বাংলাদেশের নানা প্রান্তে দুর্গাপূজার ধর্মীয় মণ্ডপ হামলার শিকার হচ্ছে বলে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে নানা খবর আসছে। গ্রামেগঞ্জে বা মফস্বল শহরে অনেক জায়গায় দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হয়েছে বলেও জানা যাচ্ছে। শহরেও যে সব খোলা মাঠে ঈদের নামাজ পড়া হয়, সেখানে পূজা করা যাবে না বলে হুমকি, নোটিশ ও পোস্টারিং– এই ধরনের বহু ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই পটভূমিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিজস্ব ধর্মাচরণের অধিকার প্রসঙ্গে আজকের এই মন্তব্য করেছে।

বস্তুত, ভারতের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত মাসদুয়েকের ভেতরে যে সব বিষয় নিয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে– তার মধ্যে প্রধান হলো এই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইস্যু।

দিল্লিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একাধিক সূত্র এই প্রতিবেদককে বলেছেন, বাংলাদেশে লাখ লাখ হিন্দুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে ধরনের ‘সক্রিয়তা ও আন্তরিকতা’ আশা করা হয়েছিল– তার ছিটেফোঁটাও এখনও দেখা যায়নি।

‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত শুকনো মৌখিক আশ্বাসের বাইরে আমরা কিছুই পাইনি। অথচ দুর্গাপূজা যতই এগিয়ে আসছে, ততই আরও বেশি করে সে দেশের হিন্দুদের ওপর হামলার বেশি বেশি করে খবর আসছে’, বাংলা ট্রিবিউনকে এমনও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র।

এই পটভূমিতে মুখপাত্র রণধীর জয়সওয়ালও এদিন বলেন, ‘দুর্গাপূজা ও বিজয়াদশমী জগতের সবার হিতের বার্তা দেয়। আমরা চাইবো সেই শুভকামনাতেই পূজার সময় বাংলাদেশ-সহ বিশ্বের কোনায় কোনায় যারা এই উৎসব পালন করবেন তাদের সবার জীবন যেন খুশিতে ভরে ওঠে।’

দিল্লি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার প্রসঙ্গে

ইতোমধ্যে খবরে প্রকাশ, ভারত-সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ থেকে বাংলাদেশ তাদের বর্তমান রাষ্ট্রদূতদের ফিরে যেতে নির্দেশ দিয়েছে। যার অর্থ হলো, দিল্লিতে বর্তমানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকেও শিগগিরি দেশে ফিরতে হবে।

কিন্তু এই বিষয়টিকে ভারত আজ কোনও মন্তব্য করতে অস্বীকার করে বলেছে, ‘এটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত– আমাদের এ নিয়ে কিছু বলার নেই!’ দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ মুস্তাফিজুর রহমান

মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে বলেন, ‘ফরেন সার্ভিসের কর্মকর্তা হিসেবে আমাদেরও বিভিন্ন দেশে পোস্টিংয়ে যেতে হয়, আবার দায়িত্ব শেষে ফিরে আসতে হয়। তবে কাকে কখন কোথায় যেতে হবে, এই সিদ্ধান্ত পুরোপুরি ভারত সরকারের।’

“ঠিক তেমনিভাবে বাংলাদেশই স্থির করবে তাদের কূটনীতিকদের কাকে কোথায় পাঠানো হবে। আমরাও কাগজে দেখেছি, বাংলাদেশ সরকার তাদের কয়েকজন রাষ্ট্রদূতকে বদলি করেছে বা ডেকে পাঠিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণভাবেই তাদের নিজেদের ব্যাপার, আমাদের কিছু বলার নেই!’

সার্কের পুনরুজ্জীবন সম্ভব

ভারত আজ আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি মাসের মাঝামাঝি পাকিস্তান সফর করবেন। তিনিই সম্মেলনে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং বিগত বেশ কয়েক বছরের মধ্যে ভারতের সবচেয়ে হাই-প্রোফাইল মন্ত্রী, যিনি পাকিস্তানে যাবেন। 

এই পটভূমিতে মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট ‘সার্ক’ জোটকে আবার জিইয়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন, এই বিষয়ে ভারতের অবস্থান কী? বহু বছর ধরে স্থগিত আছে সার্কের শীর্ষ সম্মেলন

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আঞ্চলিক জোট বা আঞ্চলিক কানেক্টিভিটির প্রসারকে ভারত সব সময়ই খুব গুরুত্ব দেয়। তার প্রমাণ হলো বিমসটেক জোট যেভাবে গতি পেয়েছে, সেটা।’       

‘কিন্তু সার্কের ক্ষেত্রে সমস্যাটা কী, আপনারা ভালোই জানেন।’

পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সার্কে একটি সদস্য দেশের একটি বিশেষ পদ্ধতিতে কাজ করার যে ভঙ্গি, তাতেই এই জোট নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আঞ্চলিক সহযোগিতার প্রসারে আমাদের অঙ্গীকারে যে কোনও ঘাটতি নেই, বিমসটেক ও অন্য প্লাটফর্মগুলোতে ভারতের ভূমিকাই তার প্রমাণ!’

সোজা কথায়, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামনেই পাকিস্তান সফরে যাবেন ঠিকই– কিন্তু তার মানে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক করে ভারত সার্ককে আবার পুনরুজ্জীবিত করতে চাইবে, সেটা মোটেই নয়। সার্ক নিয়ে ভারত যে অবস্থান পাল্টাচ্ছে না, দিল্লি তা আজ পরিষ্কার করে দিয়েছে। 

/এমএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের