পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধানসভা দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
শনিবার (৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির জ্যেষ্ঠ নেতারা।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। এই জয়ের মাধ্যমে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটলো।