ভারতের দক্ষিণাঞ্চলের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এক নারীর পেট থেকে ১৪টি কলম, ৫টি কাঠের চামচ ও একটি মোমবাতিসহ মোট ২০টি অস্বাভাবিক বস্তু আবিষ্কার করে তা সফলভাবে অপসারণ করেছেন। এতে চিকিৎসকরাও হতবাক হয়ে গেছেন।
গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালনাদু জেলার নারসারাওপেটের মাতশ্রী প্রাইভেট হাসপাতালে এই ঘটনাটি ঘটে। পেটলুরিভারিপালেম গ্রামের ওই নারীকে তীব্র বুকব্যথা ও অস্বস্তির অভিযোগ নিয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন।
রোগী হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ডায়াগনস্টিক পরীক্ষা চালিয়ে তাঁর পেটের ভেতরে বস্তুগুলোর উপস্থিতি দেখতে পান।
এরপর ডা. পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জিক্যাল টিম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বস্তুগুলো অপসারণের কাজ পরিচালনা করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই প্রক্রিয়ায় চিকিৎসকদের দলটি অত্যন্ত সতর্কতার সাথে পেট থেকে সব বস্তু বের করে আনে। রয়টার্সের শেয়ার করা একটি ভিডিওতে ওই নারীর পাকস্থলীতে বেশ কয়েকটি কলম ও অন্যান্য বস্তু দেখা গেছে।
উদ্ধার করা কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বা কলমটির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার। এছাড়া একটি কলমের ক্যাপ খোলা অবস্থায় পাওয়া গেছে, যা অভ্যন্তরীণ আঘাতের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
ডা. রেড্ডি জানান, ওই নারী কীভাবে এত বিপুল সংখ্যক বস্তু গিলে ফেললেন তা এখনও স্পষ্ট নয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ওই নারী সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সূত্র: রয়টার্স, জিও নিউজ

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের






