ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। রবিবার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। এর আগে শনিবার সকালে দিল্লিতে একটি ফ্লাইট অবতরণের পর তাদের আটক করা হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) কার্যক্রমে ১৩ কোটি ভোট মুছে ফেলা ও কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আদালতের কাছে তাদের প্রতিরোধমূলকভাবে আটক দেখানো হয়েছিল।
এর আগে শনিবার রাজনীতিবিদসহ ৩ হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হলেও পরে গভীর রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাবলয় তৈরি করেছিল পুলিশ। এতে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে জমায়েত হতে বাধ্য হন।
শনিবার রাতে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠিও। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থক এবং এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত।
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি