দিল্লির লুটিয়েন্স এলাকার যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের জন্য তিনটি নতুন স্থানের নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিকদের বিক্ষোভ-সমাবেশের অধিকার প্রয়োগের জন্য বিদ্যমান নির্ধারিত স্থানের বদলে উপযুক্ত বিকল্প স্থান খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে বাতিল করা হয়েছে।
বিক্ষোভের নতুন তিন স্থান
বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য নতুন স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে, রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং শাহদরার সিবিডি গ্রাউন্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন স্থানে বিক্ষোভ আয়োজনের বিস্তারিত ও সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আলাদাভাবে জারি করা হবে।
চলতি বছরের জুন থেকে অভিজিৎ দিপকের প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে তরুণদের বিক্ষোভের কেন্দ্র ছিল যন্তর মন্তর। পরীক্ষায় অনিয়মের অভিযোগে সেই আন্দোলনের পরিণতিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন।
স্বীকৃতি প্রত্যাহারের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে অভিজিৎ দিপকে বলেন, এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে। এক্সে তিনি লেখেন, ওরা যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থল থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটি আর বিক্ষোভস্থল নয়, কারণ ভীরু স্বৈরাচার এটিকে এমনিতেই যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। এবার পুরো দেশ যন্তর মন্তর হবে!
গত মাস থেকে স্থানটি আবার আলোচনায় আসে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আড়ালে ভোট চুরির বিরোধী দলগুলোর অভিযোগকে এটি নতুন গতি দেয়।
যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহারের এ আদেশ এল সপ্তাহান্তের গণ-আটকের পর, যার মধ্যে বেশ কয়েকজন সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের, বিশেষ করে সিজেপির বিক্ষোভের ডাক ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে এসব আটক ছিল প্রতিরোধমূলক।
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ