আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ২০:১১ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২০:৪০

অবসরপ্রাপ্ত এক ব্যাংককর্মীর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর পর ক্যানসারের ওষুধের দাম কমানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আগামী মাস থেকে ভারতে ১৩৭টি ক্যানসারের ওষুধ সহজলভ্য হবে। ওষুধের উচ্চ মূল্যের কারণে দরিদ্র রোগীরা চিকিৎসা ছেড়ে দিচ্ছেন, জমি বিক্রি করছেন কিংবা ঋণে জড়িয়ে পড়ছেন। কিছু ওষুধে হাসপাতাল ও ফার্মাসিস্টরা বড় মুনাফা করছেন। এ ট্র্যাজেডি মোকাবিলার চেষ্টা করছে সরকার।

কেরালার সাবেক ব্যাংককর্মী সারোজম রাধাকৃষ্ণন ২০২১ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসকেরা জীবনরক্ষাকারী টার্গেটেড চিকিৎসার পরামর্শ দেন, কিন্তু মাসে ৬৩ হাজার রুপির বেশি খরচ তার পরিবারের সামর্থ্যের অনেক বাইরে ছিল।

এ ধরনের ওষুধের দামে হাজার হাজার পরিবার সর্বস্বান্ত হচ্ছে বুঝে রাধাকৃষ্ণন ২০২২ সালে খরচ কমাতে সরকারি হস্তক্ষেপ চেয়ে কেরালা হাইকোর্টে আবেদন করেন। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছালে বিচারকেরা ক্যানসারের ওষুধের ওপর হাসপাতাল ও খুচরা বিক্রেতাদের মুনাফা পরীক্ষা করেন এবং পরিস্থিতিকে গণহত্যাসম ও চাঁদাবাজি বলে অভিহিত করেন।

২৯ সেপ্টেম্বরের শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা লক্ষ করেন, হাসপাতালে ২ হাজার ৭০০ রুপিতে সরবরাহ করা জীবনরক্ষাকারী একটি ক্যানসারের ওষুধের দাম ২৭ হাজার রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচারকেরা দেখতে পান, ওষুধে হাসপাতাল, পরিবেশক ও কেমিস্টরা বড় মুনাফা করছেন। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির বিশ্লেষণে দেখা যায়, কিছু ক্যানসারের ওষুধে ট্রেড মার্ক-আপ গড়ে ১৭০ শতাংশ, আর কিছু চরম ক্ষেত্রে তা ৭০০ শতাংশেরও বেশি।

বেশ কয়েক বছর ধরে ৪২টি ওষুধের দামের ওপর ৩০ শতাংশ ট্রেড মার্জিনের সীমা কার্যকর থাকলেও আরও অনেক ওষুধ এ তালিকার বাইরে ছিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চাপ পেয়ে সরকার এবার আরও ১৩৭টি ওষুধে এ মূল্য সীমা আরোপ করেছে। ওষুধ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, এ ব্যবস্থায় ওষুধের দাম ৭০ শতাংশ পর্যন্ত কমবে এবং ক্যানসার রোগীরা বছরে ২ হাজার ৫০০ কোটি রুপি সাশ্রয় করতে পারবেন, যা তাদের নিজেদের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করা হচ্ছে।

নিম্ন আয়ের ভারতীয়রা অসুস্থতাকে ভয় পান, কারণ চিকিৎসার খরচে আর্থিক সর্বনাশ হতে পারে, বিশেষ করে ক্যানসার রোগীদের। গুরগাঁওয়ের বাসিন্দা কৃষাণ কালরা জানান, ইন্ডিয়ান ক্যানসার সোসাইটি যখনই সেখানে বিনামূল্যে রোগনির্ণয় শিবির করে, তিনি স্থানীয় চালক, গৃহকর্মী, রাঁধুনি ও দর্জিদের আসতে বলেন, কারণ যেসব পরীক্ষার খরচ তারা বহন করতে পারেন না, সেগুলো সেখানে বিনামূল্যে দেওয়া হয়।

রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের কাউন্সিলের সাবেক সদস্য হিসেবে কালরা প্রাথমিক রোগনির্ণয়ের গুরুত্ব জানেন। তবে তিনি বলেন, খুব কম মানুষ আসেন। তিনি বলেন, কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, তারা খুব ভয় পান। ক্যানসারের মতো গুরুতর কিছু ধরা পড়লে চিকিৎসার টাকা নেই বলে তারা অন্ধকারে থাকতেই পছন্দ করেন।

ক্যানসারের ওষুধের দাম ৩৮ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত হওয়ায় চিকিৎসার আনুমানিক খরচ শুনে অনেক পরিবার চুপচাপ চিকিৎসকের কক্ষ ছেড়ে চলে যায়। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার গবেষণা বলছে, স্বাস্থ্যসেবায় ব্যয়ের কারণে প্রতিবছর প্রায় ৫ কোটি ৫০ লাখ ভারতীয় দারিদ্র্যসীমার নিচে নেমে যান। ব্যাপক স্বাস্থ্যবিমার প্রিমিয়াম দেওয়ার সামর্থ্য খুব কম ভারতীয়ের আছে। সরকারের দেশব্যাপী বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত কিছু ক্যানসারের চিকিৎসা কভার করলেও এটি পরিবারপ্রতি বছরে মাত্র ৫ লাখ রুপির সুবিধা দেয়, যা স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কাডসাইলার মাত্র একটি ডোজের খরচের সমান। রোগীদের ১৪টি পর্যন্ত ডোজ লাগতে পারে।

আসামের শিলচরে কাছার ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের পরিচালক এবং সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. রবি কান্নান ভারতের অন্যত্র হাসপাতালেও কাজ করেছেন। রোগীরা বাড়ি ফিরে মৃত্যুর অপেক্ষা করতে হাসপাতাল ছেড়ে যান, তা দেখার ট্রমা চিকিৎসকদের জানা। তিনি বলেন, কিছু পরিবার খরচ সামলে ওঠার আশা নিয়ে চিকিৎসা শুরু করে। কিন্তু কেমোথেরাপি বা রেডিয়েশনের জন্য আর ফেরে না। তারা খরচ টানতে পারে না। ভারতে বছরে নতুন ক্যানসার রোগী শনাক্ত হয় প্রায় ১৫ লাখ ৬০ হাজার, ২০২০ সালে যা ছিল ১৩ লাখ ৯০ হাজার। এটি জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ।

সুপ্রিম কোর্টের বিচারকেরা সরকারি আইনজীবীদের জিজ্ঞেস করেছেন, এ সীমা কেন শুধু ক্যানসারের ওষুধে প্রযোজ্য হবে, পেটেন্টবিহীন সব ওষুধে নয়। সরকারকে জবাব দেওয়ার জন্য ২৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত। দুর্ভাগ্যজনকভাবে আদালতের রায় রাধাকৃষ্ণনের জন্য দেরিতে এলো। কেরালায় তার মামলা বিচারাধীন থাকা অবস্থায় ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মারা যান।

সূত্র: দ্য গার্ডিয়ান 

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
মেঘালয়ের পাহাড়ে প্রাকৃতিক জলস্লাইড ঘিরে পর্যটকদের মুগ্ধতা ও উদ্বেগ
সর্বশেষ খবর
আবারও ইমরানুর ও শিরিন দ্রুততম মানব-মানবী
আবারও ইমরানুর ও শিরিন দ্রুততম মানব-মানবী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এবার কক্সবাজারে ৩০০ পর্যটক অবস্থান করা হোটেলে আগুন, এরপর যা ঘটলো
এবার কক্সবাজারে ৩০০ পর্যটক অবস্থান করা হোটেলে আগুন, এরপর যা ঘটলো
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’
মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা: কারা এই ‘আশিক বাহিনী’