ইরাক ও সিরিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর রাজধানী সিরিয়ার রাক্কা প্রদেশে অভিযান শুরু করেছে বাশার আল-আসাদের সরকারি বাহিনী। আকাশপথে আইএসের বিরুদ্ধে রাশিয়ার ব্যাপক হামলার পর এ অভিযান শুরু করলো সিরিয়ার সেনাবাহিনী। শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আইএসের বিরুদ্ধে এটা তৃতীয় বড় ধরনের অভিযান। সিরীয় বাহিনীর অভিযানের আগে ইরাকের ফালুজায় অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী। আর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতাপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠীও আইএসবিরোধী অভিযান শুরু করেছে।
শুক্রবার সিরীয় বাহিনী রাক্কা প্রদেশের সীমান্ত অতিক্রম করেছে। এর আগে রাশিয়া রাক্কা প্রদেশের নিকটবর্তী হামা প্রদেশের পূর্বাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে। সিরিয়ায় আইএসের রাজধানী এই রাক্কা প্রদেশে অবস্থিত। আর ইরাকে আইএসের রাজধানী মসুল। আইএসকে ধ্বংস করতে এই দুই অঞ্চলকে লক্ষ্য ধরে আগাচ্ছে উভয় দেশের সরকারি বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার হামা প্রদেশের আথ্রিয়া এলাকা থেকে আসাদবাহিনী রাক্কা প্রদেশের সীমান্তের দিকে অগ্রসর হওয়া শুরু করে। এ সময় দফায় দফায় আইএসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েক জন আইএস যোদ্ধা নিহত হন। সরকারি বাহিনীর কয়েকজনও নিহত হয়েছেন।
রয়টার্সের পক্ষ সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে নির্দিষ্ট করে বলা হয়নি রাক্কা অভিযানে কতজন সেনা অংশ নিচ্ছেন এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
পর্যবেক্ষণকারী সংস্থা এসওএইচআরও সিরীয় বাহিনীর অস্ত্রশস্ত্র সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে তারা জানিয়েছে, অন্তত ২৬ জন আইএস যোদ্ধা নিহত হয়েছেন। সিরীয় ও মিত্র বাহিনীর নিহত হয়েছেন ৯ জন।
সংস্থাটি জানিয়েছে, সিরীয় বাহিনী মার্কিন সমর্থনপুষ্ট বিদ্রোহীদের কাছ থেকে ৪০ কিলোমিটার দূর থেকে তাদের অভিযান শুরু করে। বিদ্রোহীরা আইএসের শক্তঘাঁটি আলেপ্পোর উত্তরাঞ্চলে যুদ্ধ করছে।
লেবাননের প্রভাবশালী দৈনিক পত্রিকার আল-আখবার জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই রাক্কা শহরে প্রবেশের লক্ষ্য নেই সিরীয় বাহিনীর। তবে সরকারি বাহিনী এ সময় তাকবা শহর ও লেক আসাদে প্রবেশ করতে চায়।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় দ্রুত দখল অভিযানের সময় আইএস তাকবা শহরটি দখল করে। এখানে একটি বিমানঘাঁটি রয়েছে। রাক্কা শহর থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে তাকবা শহরটি অবস্থিত। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন:
- কাছে কোনও সেলফোনই ছিল না, তবুও মিডিয়া বলছে সেলফিতে মৃত্যু!
- বাক মিসাইল নিয়ে তথ্য দিচ্ছে না রাশিয়া, চাপ তৈরির সুপারিশ
- কাছে কোনও সেলফোনই ছিল না, তবুও মিডিয়া বলছে সেলফিতে মৃত্যু!
/এএ/








