ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া জনগণের বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়ে পঞ্চম দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিক্ষোভে রবিবার অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
এর আগে সরকারের পক্ষ থেকে চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে নিহতের ঘটনাগুলো কোন এলাকায় ঘটেছে তা জানানো হয়নি।
বিক্ষোভটি মাশহাদ শহরে শুরু হলেও এখন তা বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। গ্রেফতার করা হয়েছে কয়েকশ বিক্ষোভকারীকে।
রবিবার বিক্ষোভে পুলিশের গুলিতে দুই প্রতিবাদকারী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ওইদিন সামাজিক মাধ্যমে সোমবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেওয়া হয়।
এই বিক্ষোভটি ২০০৯ সালের পর ইরানের সবচেয়ে বড় বিক্ষোভে পরিণত হয়েছে। সূত্র: এপি।







