ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরইমধ্যে মার্কিন কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। হামলার সম্ভাব্য সময়সূচির বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, বেনি গান্টজ মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী কখন ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি সম্পন্ন করবে সে ব্যাপারে তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন।
উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেনি গান্টজ হামলার সম্ভাব্য তারিখ উত্থাপনের সময় মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে ইসরায়েলের প্রস্তুতির বিরোধিতা করেননি। তাদের পক্ষ থেকে কোনও আপত্তি আসেনি।
সম্প্রতি ইরানে হামলার পরিকল্পনা জোরদার করে ইসরায়েল।
গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেন বেনি গান্টজ। তাদের আলোচনায় মূলত ইরান ও তার পারমাণবিক সক্ষমতা অর্জনের অব্যাহত প্রচেষ্টার বিষয়টি উঠে আসে।
সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে ইতোপূর্বে চালানো দুই হামলার বিষয়েও মার্কিন মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন বেনি গান্টজ। ওই দুই হামলার একটি চালানো হয় গত জুনে। সে সময় ইরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায় হামলা চালানো হয়। আরেকটি চালানো হয় তেহরানের বাইরে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায়।
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই মাস আগেই তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানে হামলার পরিকল্পনা পর্যালোচনা করতে বলেছিলেন। একইসঙ্গে দেশটির ওপর নিষেধাজ্ঞার পরিসর বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন।









