সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া থেকে ইসরায়েলের দিকে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর মধ্য ইসরায়েলের উম আল-ফাহম শহরে সাইরেন বেজে উঠে।
বিবৃতিতে বলা হয়েছে, কোনও প্রতিবন্ধকতা ছাড়াই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাতে সিরিয়া থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাব দেওয়া হয়েছে। রাডার এবং বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সিরীয় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরেও ইসরায়েলি হামলার খবর নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দামেস্ক শহর সংলগ্ন বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হামলায় একজন সেনাসদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।








