ইসরায়েল নয়; বরং হামাসই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলকে গাজায় ‘নারী ও শিশু হত্যা’ বন্ধের আহ্বান জানালে, তার জবাবে এ কথা বলেন নেতানিয়াহু। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে।
বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, গাজা পরিস্থিতি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের জবাব দিয়েছেন। এক্স-এ দেওয়া এক পোস্টে ট্রুডোকে ট্যাগ করে নেতানিয়াহু বলেন, “ইসরায়েল নয়; বরং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে হামাস। ‘হলোকাস্টের পর তারাই প্রথম ইহুদি বেসামরিকদের শিরশ্ছেদ করেছে, পুড়িয়েছে এবং তাদের ওপর গণহত্যা চালিয়েছে।”
ওই পোস্টে নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েল যখন বেসামরিকদের রক্ষা করার চেষ্টা করছে, হামাস তখন তাদের ক্ষতির মুখে ফেলার সকল বন্দোবস্ত করে যাচ্ছে। ইসরায়েল গাজার বেসামরিকদের জন্য নিরাপদ স্থানে সরে যেতে মানবিক করিডোরের ব্যবস্থা করেছে। আর হামাস মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের সেখানে আটকে রাখছে।’
এর আগে, মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী ও শিশু হত্যা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে।’
এসময় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রুডো বলেন, আমি ইসরায়েলকে অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সারা বিশ্ব টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। আমরা চিকিৎক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।
ট্রুডোকে ট্যাগ করা ওই পোস্টে নেতানিয়াহু আরও বলেন, ‘বেসামরিকদের আড়ালে লুকিয়ে বেসামরিকদেরই লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েল নয়; বরং হামাসকেই দুটি যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে হবে। হামাসের এমন বর্বরতাকে পরাজিত করতে বিশ্ববাসীর অবশ্যই ইসরায়েলকে সমর্থন করতে হবে।’
উল্লেখ্য, হামাস গত ৭ অক্টোবর হামলার শুরু করাতেই অবরুদ্ধ গাজায় ধারাবাহিকভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।
গাজা ইস্যুতে এবারই ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন ট্রুডো যা গত দেড় মাসে প্রথম। যদিও এর আগে ট্রুডো জানিয়েছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।
এর আগে অন্যান্য পশ্চিমা ও আরব দেশের সঙ্গে আলোচনায় গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়েছিলেন ট্রুডো।







